২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে সাংবাদিককে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার বিকেলে একজন সাংবাদিককে মারধর করেছেন ছাত্রলীগ কর্মীরা। মারধরের শিকার সাংবাদিক হলেন- দিনকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার বিকেলে একজন সাংবাদিককে মারধর করেছেন ছাত্রলীগ কর্মীরা। মারধরের শিকার সাংবাদিক হলেন- দিনকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদ পারভেজ। বিকেল সাড়ে ৪ টার দিকে মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মী জসিমউদ্দিনসহ কয়েকজন মীর মশাররফ হোসেন হলের সামনে সাজ্জাদকে লাঠিপেটা করেন। সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ক্যাম্পাসে আসার সময় বিশ্ববিদ্যালয়ের বাসের মধ্যে পেছনের দিকে বসা ছাত্রদের কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখতে চান জসিম। এ সময় তিনি বাসের কর্মচারীকে বহিরাগত দুই ছাত্রের (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের) কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে বলেন। তিনি জানান, জসিমের এ কথায় তিনিও সমর্থন দেন। কিন্তু জসিম তাকে ধমক দিয়ে উল্টো পরিচয় জানতে চান। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। সাজ্জাদ বলেন, "মীর মশাররফ হোসেন হলের সামনে বাস আসার পর ছাত্রলীগের ওই কর্মীসহ কয়েকজন আমাকে নামিয়ে মারধর করেন।" খবর পেয়ে প্রক্টর অধ্যাপক মো. আরজু মিয়া, ওই হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. এমদাদুল হক এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিক সেখানে আসেন। পরে প্রক্টরের নির্দেশে ওই ছাত্রলীগ কর্মী সাজ্জাদের কাছে ক্ষমা চান। এ ব্যাপারে প্রক্টর সাংবাদিকদের বলেন, "পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" জসিম নিয়ম বহির্ভূতভাবে মীর মশাররফ হলে থাকেন। এ হলের প্রভোস্ট অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, 'ওই ছাত্রকে মীর মশরারফ হোসেন হল ছেড়ে তার হলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫২ ঘ.