২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

চলতি শিক্ষাবর্ষ থেকে ব্যবসা প্রশাসন (বিবিএ) কোর্সে ভাতাসহ ইন্টার্নশিপ অন্তর্ভুক্তকরণের দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা রোববার দিনভর বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

দিনাজপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি শিক্ষাবর্ষ থেকে ব্যবসা প্রশাসন (বিবিএ) কোর্সে ভাতাসহ ইন্টার্নশিপ অন্তর্ভুক্তকরণের দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা রোববার দিনভর বিক্ষোভ করেছে। তাদের বিক্ষোভের মুখে উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। বিকেল ৫টার দিকে পুলিশ উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেন। তবে কোন সহিংস ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল। তিনি জনান, অপ্রীতিকার ঘটনা এড়াতে বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। একই দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে ক্লাশ বর্জন করে আসছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্র-ছাত্রীদের দাবির বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে প্রক্টর রুহুল আমিনকে প্রধান করে ১৩ সদস্যের একটি কমিটি করেছে। কমিটি শিক্ষার্থীদের দাবি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবে। কর্তৃপক্ষ অনুমোদন করলে সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠানো হবে। রেজিস্ট্রার বলেন, "এসব করতে সময় লাগবে। ছাত্ররা এসব নিয়মের তোয়াক্কা না করে অযৌক্তিকভাবে আন্দোলন করছে। আমরা ছাত্রদের শান্ত করার সবরকম চেষ্ট করে পারিনি। বাধ্য হয়ে পুলিশের সহায়তা নেওয়া হয়েছে।" প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা একাডেমিক ভবন-২ এর প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিএসএস অনুষদের ডিন অধ্যাপক ড. ফাহিমা খানমের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তালা ভেঙ্গে ভবনে প্রবেশ করেন। এরপর আন্দোলনরত ছাত্রছাত্রীরা মিছিল সহকারে একাডেমিক ভবন-১ এর প্রধান ফটকে অবস্থান নেয়। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের কার্যালয়ের দরজা ভেতর থেকে তালা মেরে বন্ধ করে দেয়। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ খবর দেয়। বিকেল ৫টার দিকে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবালের নেতৃত্বে দুই প্লাটুন পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান নেয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার নওরোজ তালুকদার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। পরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে কর্মসূচি প্রত্যাহারে অনুরোধ জানান। সন্ধ্যা ৭টা পর্যন্ত ছাত্রদের সঙ্গে দফায় দফায় কথা বলেও তাদের সমঝোতায় আনতে ব্যর্থ হন অতিরিক্ত পুলিশ সুপার। আন্দোলনরত শিক্ষার্থী কনক কুমার, শফিউজ্জামান, জাহিদ হাসান জানান, দাবি আদায়ে তারা উপাচার্য, ডিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগ ও প্রক্টরকে স্মারকলিপি দিয়ে তিন দিনের সময় বেধে দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ দাবি পূরণে কোন উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানান। শিক্ষার্থীদের দাবিকে অযৌক্তিক অভিহিত করে উপাচার্য অধ্যাপক ড. এম আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এ নিয়ম নেই। এর জন্য কোন ফান্ড নেই।" তিনি বলেন, "শিক্ষার্থীরা এ ব্যাপারে করা কমিটি মানতেও রাজি নয়। এ বিষয়ে আমাকেই ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছে তারা। তাদের এ দাবির কোন ভিত্তি নেই।" ওসি শামীম ইকবাল জানান, আন্দোলনকারীরা এখন পর্যন্ত ধ্বংসাত্মক কোন কার্যকলাপ করেনি। সে রকম কোন চেষ্টা হলে পুলিশ তা প্রতিহত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.