সিলেট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়ার একটি বাসা থেকে রোববার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলেছে, তপন আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।
মৃত তপন কুমার সিংহ (২৪) বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ২০০২-০৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আছানপুর গ্রামের অনিল কুমার সিংহের ছেলে। এক বোনকে নিয়ে তিনি সেনপাড়ার পুষ্পায়ন নামের ওই বাসায় ভাড়া থাকতেন।
দুপুর ১টার দিকে তপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তপন মানসিক রোগী। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।"
এসআই মাহবুব জানান, রোববার সকালে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তিনি আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বর-৩১) হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24