২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির-ছাত্রলীগ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় শিবিরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন বাদী হয়ে মঙ্গলবার রাতে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৮ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির-ছাত্রলীগ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় শিবিরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন বাদী হয়ে মঙ্গলবার রাতে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করেন। এ সংঘর্ষের ঘটনায় মতিহার থানায় মামলার সংখ্যা হল সাত। এর মধ্যে শিবিরের বিরুদ্ধে হয়েছে ছয়টি এবং শিবির করেছে একটি। মতিহার থানার উপ-পরিদর্শক আরিফুজ্জামান জানান, মামলার বাদী ঘটনার দিন সকালে বিনোদপুর বাজারের চায়ের দোকানে চা খাওয়ার সময় শিবির ক্যাডার টাকু শাহিন, রাজু-১, আলমগীর, উজ্জ্বল, রবি, রুবেল, শাওন, নয়জুল, সালাম, নবাব, দিলদার, রাজু-২, চঞ্চল, মার্শাল, রাজ্জাক, জাহাঙ্গীর, মইফুল, নাসির, শাহিন, মিলনসহ অজ্ঞাত আরও ১৫/২০ জন শিবির ক্যাডার কোনো কারণ ছাড়াই লাঠিসোটা দিয়ে তাকে মারধর করে মারাত্মক জখম করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। তবে শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম হোসেন মুনের দায়ের করা মামলার আসমি ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়নি। গত ১১ মার্চ রাবিতে ছাত্রলীগের মিছিলে শিবিরের বাধা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর শিবির সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় ছাত্রলীগ ১২ মার্চ মতিহার থানায় ১৬৫ জন শিবির নেতাকর্মী ও ক্যাডারদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ওই রাতেই বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন ছাত্রবাসে অভিযান চালিয়ে পুলিশ শিবিরের ৬৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এরপর ১৩ মার্চ সকালে শিবির সমর্থকরা বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ও পরে ছাত্রলীগের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শিবিরের রাবি শাখা সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী নিহত এবং পুলিশ, স্থানীয়সহ উভয় দলের শতাধিক আহত হয়। এ ঘটনায় রাবিসহ রাজশাহীর আরও আটটি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.