২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের 'নির্যাতন' বন্ধের দাবি করেছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের 'নির্যাতন' বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একাডেমিক ও আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রদল। দাবি না মানলে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ছাত্র সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের 'নির্যাতন' বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একাডেমিক ও আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রদল। দাবি না মানলে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ছাত্র সংগঠনটি। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকীর কাছে ছাত্রদল নেতাকর্মীরা রোববার দুপুর আড়াইটার দিকে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন। এর আগে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ করেন। স্মারকলিপিতে বলা হয়, "২৯ ডিসেম্বরের পর থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন শুরু করে। তারা চর দখলের মতো হল দখল করছে। এছাড়া বিভিন্ন কক্ষ থেকে মোবাইল ও কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্রও জোর করে নিয়ে যাচ্ছে।" এতে বলা হয়, প্রতিটি ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনও জড়িত রয়েছে বলে এতে অভিযোগ করা হয়। ছাত্রদলের দাবির মধ্যে রয়েছে হলে ছাত্রলীগের সশস্ত্র মহড়া বন্ধ, হল থেকে বিতাড়িত ছাত্রদল কর্মী ও সাধারণ ছাত্রদের অবস্থান নিশ্চিত এবং ক্ষতিপূরণ দেওয়া, উপাচার্যসহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের 'দলীয় আচরণ' বন্ধ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিআর/এসকে/২০৩৭ঘ.