২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে মিছিল সমাবেশ ও জমায়েত এক মাস নিষিদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সমাবেশ ও ছাত্র-গণজমায়েত এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সমাবেশ ও ছাত্র-গণজমায়েত এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ১৬ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর মধ্যে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। রোববার সকালে প্রশাসনের জরুরি বৈঠকের পর প্রক্টর মাহবুবুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ ড. আব্দুস সাত্তারসহ সব হল প্রভোষ্ট। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আহসানুল্লাহ ফয়সাল বলেন, ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিবির নেতা শরিফুজ্জামান নোমানী নিহত হওয়ার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার উভয় সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেছে। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২১ ঘ.