ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটে শনিবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
তেজগাঁও অঞ্চলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আব্দুল মান্নান জানান, আধিপত্য বিস্তার ও হল দখলকে কেন্দ্র করে রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের রাসেল গ্র"প রফিক ছাত্রাবাসের বি ব্লকে জাকির গ্রুপের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে বলে তিনি জানান।
পরে পুলিশ পুরো ইন্সটিটিউট ঘেরাও করে হলে তল্লাশি চালিয়ে চাপাতি ও রাম দাসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাকির গ্র"পের আহত ১০ কর্মীকে ভর্তি করা হয়েছে। তারা হলো এনামুল হক (১৮), মোস্তাফিজ (১৯), লেবন চন্দ্র রায় (১৮), কামরুল (১৮), হাসান শাহরিয়ার (১৮), তুহিন (১৮), রাকিব হোসেন (১৮), জুয়েল (১৮), বাপ্পি (২০) ও রনি (১৮)।
আহত জাকির গ্রুপের কর্মিরা দাবি করেছে, প্রতিপক্ষের কর্মিরা তাদের গ্র"পের পিয়াল ও অজ্ঞাত পরিচয়ের একজনকে মারধর করে ম্যানহোলে ফেলে দিয়েছে।
তবে পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান বলেছেন, এ ধরনের কোনো তথ্য তাদের জানা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জিএমএ/এএনএস/ডিডি/টিআর/০১৩৫ ঘ.
bdnews24