রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ এবং এক ছাত্রের নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
শনিবার রাতে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিচার বিভাগীয় তদন্তের বিষয়ে সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে রাতেই উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, সিন্ডিকেটের অনুরোধ পরবর্তী সময় যথাযথভাবে সরকারকে জানানো হবে।
তিনি জানান, বৈঠকে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং শরীফুজ্জামান নোমানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
এ ছাড়া আহতদের সুচিকিৎসার ব্যবস্থাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতাও কামনা করা হয়।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হাশেমসহ সিন্ডিকেটের আট সদস্য উপস্থিত ছিলেন।
শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে রাবি শাখা শিবির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমনী নিহত এবং পুলিশ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ উভয় সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়সহ রাজশাহীর আটটি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24