২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি হল: ছাত্রলীগের তদবিরে এক দরপত্রই গৃহীত হবে?

নিয়ম ভঙ্গ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল নির্মাণের জন্য জমা পড়া একটি মাত্র দরপত্র গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে কর্তৃপক্ষ। রোববার দরপত্র মূল্যায়ন কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন খোদ কমিটিরই একজন সদস্য। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আমিনুর রহমান রাসেল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

আমিনুর রহমান রাসেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিয়ম ভঙ্গ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল নির্মাণের জন্য জমা পড়া একটি মাত্র দরপত্র গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে কর্তৃপক্ষ। রোববার দরপত্র মূল্যায়ন কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন খোদ কমিটিরই একজন সদস্য। নিয়ম অনুযায়ী তিনটি দরপত্র জমা না পড়লে তা গ্রহণ করা যাবে না। এর আগে তিন দফা দরপত্র আহ্বান করা হলেও দুইবারই এ কারণে দরপত্র গ্রহণ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কমিটির একাধিক সদস্য বলেছেন, যে ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে তাদের কাজটি পাইয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা ও প্রকৌশল কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা তদবির করছেন। এর জন্য তাদের সঙ্গে প্রতিষ্ঠানটির ৭০ লাখ টাকার সমঝোতা হয়েছে বলে ওই সূত্র দাবি করেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ওই সাবেক নেতাদের কয়েকজন দেখা করেছেন বলে জানা গেছে। মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝামাঝি স্থানে ১০ কোটি টাকার বেশি ব্যয়ে নতুন ছাত্র হল নির্মাণ করা হবে। নির্মাণ কাজের ঠিকাদারির জন্য গত ৮ মার্চ দরপত্র বিক্রির শেষ তারিখ পর্যন্ত ১৩টি দরপত্র বিক্রি হলেও পরদিন জমা পড়ে মাত্র একটি। দরপত্রে সাড়া না পাওয়াতেই এবার নিয়ে চতুর্থ দফা দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ শনিবার কমিটির বৈঠক হয়। কিন্তু একজন সদস্য অনুপস্থিত থাকায় দরপত্র গ্রহণের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবে রোববার সিদ্ধান্ত হবে।" তবে রোববারের বৈঠকে একমাত্র দরদাতা বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকেই কাজ দেওয়া হবে বলে কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন। ওই সদস্য জানান, বার বার দরপত্র আহ্বান করেও নিয়ম মেনে ঠিকাদার না পাওয়ায় এবার একমাত্র দরদাতাকেই কাজটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কমিটির অধিকাংশ সদস্য। ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতার সঙ্গে বৈঠকের বিষয়ে উপাচার্যের ভাষ্য, "তারা আমাকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে আলাপ করতে এসেছিল।" বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল উপাচার্যের সঙ্গে দেখা করার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ আলাউদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যকে সংবর্ধনার দেওয়ার বিষয়ে আলাপ করতে এসেছিলাম।" বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটাকমকে জানান, গত ৮ মার্চ মধ্যরাতের পর ঢাকার তেজগাঁও এলাকায় অরিয়ন হাউজে জাবি শাখা ছাত্রলীগের কয়েকজন পুরনো ও বিলুপ্ত কমিটির নেতা এবং ১০ ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করেন। বিলুপ্ত কমিটির ওই নেতাদের ভাষ্যে,সেখানে সাবেক নেতাদের সঙ্গে রয়েল ট্রেডিং নামের দরপত্র ক্রয় করা প্রতিষ্ঠানের মধ্যে ৩০ লাখ টাকায় কাজ পাইয়ে দেওয়ার জন্য সমঝোতা হয়। কিন্তু বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা জানান, তারা নিজেরাও নেকসাস ট্রেডিং নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ৫০ লাখ টাকার সমঝোতা করেন। এ নিয়ে সাবেক ও বিলুপ্ত কমিটির নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ চলে আসে। সমঝোতা না হওয়ায় ওই দুটি প্রতিষ্ঠানের কোনোটিই দরপত্র জমা দেয়নি। সাবেক নেতারা শেষ পর্যন্ত একমাত্র দরদাতা বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে সমঝোতা করেন বলে দাবি করেছেন অপেক্ষাকৃত নবীনতর বিলুপ্ত কমিটির ওই নেতারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৯ মার্চ দরপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল সাড়ে ৭টার সময় অফিস খোলা মাত্রই বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড দরপত্র জমা দেয়। বিলুপ্ত ছাত্রলীগ কমিটির ওই নেতারা দাবি করেন, সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা ও প্রকৌশল অফিসের কয়েকজন কর্মকর্তার সমঝোতার পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটি দরপত্র জমা দিয়েছে। এখন প্রতিষ্ঠানটিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা তদবির চলছে। এ ব্যাপারে ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল অরিয়ন হাউসে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ব্যবসার কাজে সেখানে ছিলাম। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে দরপত্রের বিষয়ে সমঝোতার ব্যাপার ছিল না।" বিলুপ্ত কমিটির ওই নেতারাও অরিয়নে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। তারাই বা কেন একই সময় সেখানে উপস্থিত ছিলেন জানতে চাইলে বলেন, সাবেক নেতারা তাদের ডেকেছিলেন 'সাংগঠনিক বিষয়ে' আলাপ করার জন্য। দরপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আগে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা কয়েকদিন ধরে মহড়া দেন। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দরপত্র জমা দেওয়ার দিন ক্যাম্পাসের তিনটি স্থানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করেছিল। গত বছর বিশ্ববিদ্যালয়ের নতুন হল নির্মাণ কাজের জন্য তিনবার দরপত্র আহ্বান করা হয়। সে সময় প্রথম দফায় ১০টি দরপত্র বিক্রি হয়। কিন্তু কোন দরপত্র জমা পড়েনি। দ্বিতীয় দফায় মাত্র একটি দরপত্র বিক্রি হয় এবং সেটি জমা পড়ে। তৃতীয় দফায় তিনটি দরপত্র বিক্রি হয় এবং একটি দরপত্র জমা পড়ে। কিন্তু কমপক্ষে তিনটি দরপত্র জমা না পড়লে গ্রহণের নিয়ম নেই। ওই সময় দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২১২৫ ঘ.