২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে ওসমানী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের তালা

সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব বাবলুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ দাবিসহ চার দফা দাবিতে তারা সব ক্লাশ ও পরীক্ষাও বর্জন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

সিলেট, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব বাবলুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ দাবিসহ চার দফা দাবিতে তারা সব ক্লাশ ও পরীক্ষাও বর্জন করেন। দুপুরে সাধারণ শিক্ষার্থীরা কাউন্সিলর বাবলু ও তার ছোট ভাই লাভলুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার, হাসপাতালের সামনের ক্যান্টিন বন্ধ, ছাত্রীদের উত্যক্তকারী, মোবাইল ফোন ও প্রকাশ্যে হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কলেজ অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালককে স্মারকলিপি দেন। দাবি পূরণে তারা ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুমকি দিয়েছেন। কলেজের অধ্যক্ষ ডা. এম এ আহবাব শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের সত্যতা স্বীকার করে বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে বহিরাগতদের ঠেকানো ও শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের জন্য সিলেট কোতয়ালি থানায় লিখিতভাবে আবেদন জানিয়েছি। থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।" ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী জানান, শুক্রবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ মাঠে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন 'অঙ্গীকার' আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে কাউন্সিলর বাবলুর ভাই ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এসময় অঙ্গীকারের সভাপতি রেজাউল ইসলাম মোনায়েমসহ ৩/৪ জন আহত হন। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা বাঁশ ও টিন দিয়ে নির্মিত নামফলক বসিয়ে মাঠ দখলের চেষ্টা চালায়। নাম ফলকে 'দখলে কমিশনার গলি, ভাতালিয়া, মধুশহীদ' লেখা ছিল। এতে কাউন্সিলর আব্দুর রকিব বাবলুর নামও ছিল। কাউন্সিলর আব্দুর রকিব বাবলু এসব অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এ ব্যাপারে কিছুই জানি না। হয়তো কেউ মেডিকেলের ঘটনাকে ঘোলাটে করতে চাইছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৩ ঘ.