ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতার মৃত্যু এবং পুরো ঘটনার জন্য সরকারি দলকে দায়ী করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান।
শুক্রবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সরকারের সহযোগিতা নিয়ে সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।''
তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
কামারুজ্জামান অভিযোগ করেন, "ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির খেদানোর নামে সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুলিশরা বলছেন, প্রধানমন্ত্রী তথা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তারা এ ব্যবস্থা গ্রহণ করেছেন।''
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বিভিন্ন স্থানে শিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা বন্ধের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
জামায়াত নেতা বলেন, ''এখনো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের ওপর হামলার জন্য ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা অবস্থান করছে। এসব ক্যাডারদের সরিয়ে না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এজন্য আমরা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএম/এসএম/এমএসবি/১৫০১ ঘ.
bdnews24