২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরকে সহায়তার অভিযোগে সাত পুলিশের অপসারণ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের ওপর শিবিরের হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে সহায়তার অভিযোগ এনেছে আওয়ামী লীগ। দলটির স্থানীয় নেতারা বৃহস্পতিবার এজন্য মহানগর পুলিশের কমিশনারসহ সাত কর্মকর্তার পদত্যাগ দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

রাজশাহী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের ওপর শিবিরের হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে সহায়তার অভিযোগ এনেছে আওয়ামী লীগ। দলটির স্থানীয় নেতারা বৃহস্পতিবার এজন্য মহানগর পুলিশের কমিশনারসহ সাত কর্মকর্তার পদত্যাগ দাবি করেছেন। একইসঙ্গে তারা রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষেরও অপসারণ দাবি করেন। ২৪ ঘণ্টার মধ্যে তাদের অপসারণ না করা হলে পুলিশের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশের প্রত্যক্ষ মদদে রামেকে ছাত্রলীগের ওপর শিবির ক্যাডাররা হামলা চালায়। সে সময় কর্তব্যরত পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির শিবির ক্যাডারদের প্রত্যক্ষ সহযোগিতা করেছেন। পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের বেপরোয়া লাঠিচার্জ ও তাদের রুম ভাঙচুর করে। সংঘর্ষের সময় শিবির পুলিশের সামনে অস্ত্র নিয়ে মহড়া দিলেও তাদের গ্রেপ্তার করা হয়নি। ঘটনার সময় রামেক অধ্যক্ষ ডা. তোহিদুল ইসলামও 'রহস্যজনক' ভূমিকা পালন করেন বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রামেকের ঘটনার একদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যাডাররা ছাত্রলীগের ওপর হামলা চালায়। তখনও পুলিশ নীরব ভুমিকা পালন করে। পুলিশ এখনো বিএনপি-জামায়াত নেতাদের কথামত চলছে এবং তাদের 'লাঠিয়াল বাহিনী' হিসেবে কাজ করছে বলে অভিযোগ করা হয়। আওয়ামী লীগ নেতারা শিবির ক্যাডারদের সহযোগিতার জন্য দায়ী করে রাজশাহী পুলিশ কমিশনার মাহবুব মহসিন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান, বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার হুমায়ন কবির, মতিহার জোনের সহকারী কমিশনার এমকে জাহাঙ্গীর হোসেন, রাজপাড়া ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যথাক্রমে আনিসুর রহমান ও রফিকুল ইসলাম খানকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন। এ সময় সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, মীর ইকবাল, মোহাম্মদ আলী কামাল, যুগ্ম-সম্পাদক নওশের আলী, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, সৈনিক লীগের নেতা নূরে আলম পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন। অপসারণের দাবির ব্যাপারে রাজশাহী পুলিশ কমিশনার মাহবুব মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের পেশাগত দায়িত্ব পালন করেছে।" ছাত্রলীগ ও শিবিরের প্রতি পক্ষপাতমূলক কোন আচরণ করা হয়নি বলে তিনি দাবি করেন। রামেক অধ্যক্ষ ডা. তৌহিদুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তার বাসা থেকে জানানো হয় তিনি অসুস্থ, কথা বলতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২৩৩৩ঘ.