২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন ও মানববন্ধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস বিভাগের শিক্ষার্থীরা চার দফা দাবিতে বৃহস্পতিবার ক্লাশ বর্জন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

নোয়াখালী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস বিভাগের শিক্ষার্থীরা চার দফা দাবিতে বৃহস্পতিবার ক্লাশ বর্জন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকাল ৯ টা থেকে দুপুুর ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, কমপিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস বিভাগে ১৪০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র পাঁচজন। শিক্ষক সংকটের কারণে চতুর্থ ও ষষ্ঠ টার্মের দুটি পরীক্ষা স্থগিত রয়েছে। ল্যাবে যন্ত্রপাতি না থাকায় পঞ্চম সেমিষ্টারের একটি ল্যাব কোর্স এখনো অসমাপ্ত রয়েছে এবং ভবিষ্যতের ল্যাব কোর্সগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা দাবি করেন, তথ্য ও প্রযুক্তি (আইটি) বিভাগ চালু হলেও ল্যাবে ইন্টারনেট সুবিধা অপ্রতুল। কেন্দ্রীয় লাইব্রেরি ও বিভাগীয় লাইব্রেরিতে প্রয়োজনীয় বই না থাকায় তাদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি পূরণে ব্যর্থতার জন্য উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. সঞ্চয় কুমার অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের দাবি আমাদের বিবেচনায় আছে। পর্যায়ক্রমে তাদের দাবি পূরণ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.