২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির হলে তল্লাশি: বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে বুধবার সন্ধ্যায় পুলিশ তল্লাশি চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 05:31 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে বুধবার সন্ধ্যায় পুলিশ তল্লাশি চালিয়েছে। এ সময় বিভিন্ন হল থেকে লোহার রড, হকিস্টিক, চাপাতি, হাসুয়া এবং বেশকিছু লাঠিসোটা উদ্ধার করা হয়। দুপুরে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর ছাত্র শিবিরের হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থি'তিতে এ তল্লাশি চালানো হয় বলে রাবি প্রশাসন জানিয়েছে। মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এমকে জাহাঙ্গীর হোসেন জানান, ছাত্রশিবির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সশস্ত্র অবস্থান করছে- ছাত্রলীগের এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ শের-ই-বাংলা ফজলুল হক হলে শিবিরের অভ্যর্থনা কক্ষ (পশ্চিম-৬) থেকে দুই ব্যাগ লোহার রড ও চাপাতি এবং শাহ্ মখদুম হল, সৈয়দ আমীর আলী, আব্দুল লতিফ, শহীদ শামসুজ্জোহা এবং সোহরাওয়ার্দী হল থেকে লোহার রড, হকিস্টিক, চাপাতি, হাসুয়া ও লাঠিসোটা উদ্ধার করে। তল্লাশির সময় সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ, প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, মহানগর উপ পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া তল্লাশির সত্যতা স্বীকার করে বলেন, "কোনো সংগঠনের নেতা-কর্মীরা যাতে ক্যাম্পাসে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য হলগুলো তল্লাশি করা হয়।" বহিরাগতরা যেন হলে অবস্থান করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে। বুধবার দুপুরে মিছিল করাকে কেন্দ্র করে শিবির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন মুন, সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনসহ অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.