রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহস্পতিবারের পূর্ব নির্ধারিত সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার দুপুরে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর ছাত্র শিবিরের হামলার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু।
ছাত্র উপদেষ্টা জানান, ঘটনার পর উদ্ভুত পরিস্থিতিতে রাত আটটায় উপাচার্য লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সভাতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য বিভিন্ন বিভাগের চূড়ান্ত ও টিউটোরিয়াল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে বলেও জানান তিনি।
বুধবার দুপুরে মিছিল করাকে কেন্দ্র করে শিবির সস্যরা ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন মুন, সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনসহ অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24