রাজশাহী, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। সে সময় ভাংচুরেরও ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছে ছাত্রলীগের বাপ্পী, ফারুক হোসেন, ইমন, মুন, শাকিল, সাইফ, জাকারিয়া, নিতুন, নাবিল, ফয়সাল হোসেন, আতিকুর রহমান ও সনিসহ অন্তত ২০ জন। আর আহত শিবির কর্মীরা হলো মেহেদি হাসান, সুমন, মোক্তারুল, তিতুমির ও জসিম।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রামেক ছাত্রলীগ সহ-সভাপতি হাবিবুল্লাহ ও সাবেক সভাপতি মেহেদী হাসান তমাল অভিযোগ করেন, বিকেলে কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি অশোক কুমার এবং সাধারণ সম্পাদক শাহ আলম সিদ্দিকী লালনসহ ৮/১০ নেতাকর্মী নুরুন্নবী হোস্টেল শাখার সভাপতি শাহিন ও রকির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান।
সে সময় ওই হলের শিবির কর্মীরা তাদের উদ্দেশে কটুক্তি করলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে শিবির কর্মীরা হোস্টেলের গেট বন্ধ করে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এরপর শিবির কর্মীরা পিংকু হোস্টেলের গেটও বদ্ধ করে দেয়।
তারা জানান, পুলিশ পিংকু হোস্টেলের তালা ভেঙে ভেতরে ঢুকে ছাত্রলীগ কর্মীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় পুলিশের সঙ্গে শিবির কর্মীরাও যোগ দেয়।
শিবির কর্মীরা ছাত্রলীগ নিয়ন্ত্রিত ৩১৪, ২১৮, ২০৪, ২০৭, ৩১৫ এবং ৩৭৬ নম্বর কক্ষের আসবাবপত্র ভাংচুর করে বলেও অভিযোগ করেন সংগঠনের নেতারা।
এদিকে শিবির কর্মী তিতুমীর বলেন, তাদের ওপরই ছাত্রলীগ হামলা করেছে। ছাত্রলীগ কর্মীরা তাদের নিয়ন্ত্রিত ০৭, ২০৬, ২০৮ ও ৩০৮ নম্বর কক্ষ ভাংচুর করেছে বলেও অভিযোগ করেন তিতুমীর।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও কলেজ শাখা শিবিরের কোনো নেতাকে পাওয়া যায়নি। মহানগর শিবির সভাপতি শামসুল আলম গোলাপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয় বলে স্বীকার করেন তিনি।
উদ্ভূত পরিস্থিতিতে রাত ৮টায় কলেজের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় দু'ঘণ্টার বৈঠক শেষে রামেক অধ্যক্ষ ডা. তৌহিদুল আলম বলেন, "কলেজের ক্লাস যথারীতি চলবে। আমি সরকারি চাকরি করি। এর বাইরে আর কিছু বলতে পারব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২১৫২ ঘ.
bdnews24