খুলনা, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিগত জোট সরকারের আমলে যারা দুর্নীতি ও সম্পদ লুণ্ঠন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, "লুটপাট করে তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। দিনবদলের সনদের প্রতি আস্থা রেখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মানুষ আওয়ামী লীগ তথা মহাজোটকে ভোট দিয়ে বিপুল আসনে বিজয়ী করেছে। তাদের সেই প্রত্যাশা পূরণ করতে হবে।"
শুক্রবার নগরীর শহীদ হাসিদ পার্কে মেয়র পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে গুণী ব্যক্তিদের সম্পর্কে সঠিক ধারণা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যত প্রজন্ম এ সম্মাননা থেকে উৎসাহিত হবে।"
নাহিদ বলেন, "উচ্চ শিক্ষাকে বিশ্বমানে পৌঁছাতে হবে। তা না হলে চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে না।"
প্রতিটি উপজেলায় একটি করে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
খুলনা সিটি করপোরেশন আয়োজিত পদক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তবর্য রাখেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও শিল্পপতি এম এম এ সালাম।
খুলনা সিটি করপোরেশন এ প্রথম গুণীজনদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিল।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ১৭টি বিভাগে ২০ জনকে মেয়র পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তদের প্রত্যেককে দেওয়া হয় নগদ পাঁচ হাজার টাকা ও সনদপত্র।
পদকপ্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গাজী রহমত উল্যাহ দাদু বীর প্রতীক, চিকিৎসায় ডা. মশিউর রহমান (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক হারুনুর রশীদ, সাহিত্যে অ্যাডভোকেট আব্দুল হালিম (মরণোত্তর), সংস্কৃতিতে এস এ গফুর, ক্রীড়ায় অধ্যাপক মো. আব্দুর রহমান, ক্রীড়াবিদ শেখ মো. আসলাম, সমাজ সেবায় বেগম মাজেদা আলী, গবেষণায় ড. শেখ গাউস মিয়া, সাংবাদিকতায় হুমায়ুন কবীর বালু (মরণোত্তর) ও আনোয়ারুল ইসলাম কাজল (ফটো সাংবাদিক), রাজনীতিতে আবু মহম্মদ ফেরদাউস (মরণোত্তর), মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও এম নুরুল ইসলাম দাদু ভাই, ভাষা আন্দোলনে সমীর আহমদে, শিল্পোদ্যাগে এম এম এ সালাম, মহিলা উদ্যোগে বেগম ফেরদৌসী আলী, সঙ্গীতে সাধন সরকার (মরণোত্তর), পরিবেশে মো. খালিদ হোসেন ও শ্রেষ্ঠ পৌরকরদাতা হিসেবে শিল্পপতি এস এম আমজাদ হোসেন।
গুণীজনদের সম্মাননা প্রদান শেষে সিটি করপোরেশনের ৩১ জন কাউন্সিলর এবং ১০ সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24