ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - দেশের চারটি পাবলিক বশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া তিনটিতে উপ-উপাচার্য এবং দু'টিতে কোষাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রইচ উদ্দিন বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু ইউসুফ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক আব্দুস সোবহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক শরিফ এনামুল কবির এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে অধ্যাপক সালেহউদ্দিন আহমদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এম আলাউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. নূরুল্লাহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানের অধ্যাপক ফরহাদ হোসেইন উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন।
এছাড়া জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শওকত জাহাঙ্গীর ও অধ্যাপক আব্দুর রহমান।
চারটি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যরা সরকারি দল আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষক ফোরামের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন বিডিনিউজ ২৪ ডটকমের প্রতিনিধিরা।
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক। আবু ইউসুফ হবেন বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য।
উপ-উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের শিক্ষক।
তারা দুজনই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সংগঠন প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, বুধবার বিকেল পৌনে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের এক ফ্যাক্স বার্তায় অধ্যাপক ড. এম বদিউল আলমকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. আবু ইউসুফকে উপাচার্য এবং অধ্যাপক ড. মো. আলাউদ্দিনকে উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছে।
নতুন উপাচার্য ও উপ-উপাচার্য বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন বলে বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন।
রাজশাহী প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুস সোবহান উপাচার্য, মনোবিজ্ঞানের অধ্যাপক ড. এম নূরুল্লাহ উপ-উপাচার্য এবং অর্থনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহমানকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রইস উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভারপ্রাপ্ত উপাচার্য মো. মামনুনুল কেরামতকে অব্যাহতি দেওয়ার কথাও বলা হয়েছে।
সিনেট কর্তৃক নির্বাচনের মাধ্যমে তিনজনের প্যানেল হতে উপাচার্য নিয়োগ না হওয়া অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক সোবহানকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ বৃহস্পতিবার সকালে দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন।
অধ্যাপক সোবহান বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "আমার ওপর আস্থা রেখে যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে সবাইকে সঙ্গে নিয়ে সেই আস্থার প্রতিফলন ঘটাব।"
অধ্যাপক নুরুল্লাহ বলেন, "যে দায়িত্ব প্রদান করা হয়েছে এজন্য আমি নিয়োগদানকারীদের প্রতি কৃতজ্ঞ।"
চলতি বছরের ৮ ফেব্র"য়ারি উপ-উপাচার্য এবং একইসঙ্গে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক ড. মামনুনুল কেরামত দু'টি পদ থেকে পদত্যাগ করেন। এর আগে ২০০৮ এর ১৫ মে উপাচার্য আলতাফ হোসেনকে জনস্বার্থে অপসারণ করে সরকার।
অধ্যাপক সোবহান ১৯৭৯ সালের ১ জুন ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৮৩-১৯৮৪ সাল পর্যন্ত তিনি রাবির সিনেট সদস্য, ২০০৫ থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০০ সালে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি রাবির বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রগতিশীল শিক্ষক সমিতির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক শরিফ এনামুল কবিরকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে।
একইসঙ্গে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ফরহাদ হোসেইন উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার তাদের নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক চিঠি বিশ্ববিদ্যালয় প্রশাসন পেয়েছে বলে বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রইস উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- অধ্যাপক শরিফ এনামুল কবিরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য অথবা সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল হতে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত (যা পূর্বে ঘটে) নিয়োগ দেওয়া হলো।
এছাড়া ফরহাদ হোসেইনকে চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে আরেকটি চিঠিতে বলা হয়।
অধ্যাপক শরিফ এনামুল কবির ও অধ্যাপক ফরহাদ হোসেইন ক্যাম্পাসে আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় শরিফ এনামুল কবির বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন।
২০০৮ সালের ২০ মার্চ সাবেক উপাচার্য বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের মেয়াদ শেষ হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার উপাচার্য পদে নতুন কোনো নিয়োগ দেয়নি।
পরে ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালনের নির্দেশ দেয়।
বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সহযোগী অধ্যাপক মাফরুহী সাত্তার বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ অনুযায়ী একজন উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার আগের ৪৫ দিনের মধ্যে বিদায়ী উপাচার্য নতুন উপাচার্য নিয়োগের লক্ষ্যে সিনেট সভা আহ্বান করেন। ওই সভায় সিনেট সদস্যরা ভোটের মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট একটি উপাচার্য প্যানেল নির্বাচিত করেন।
"পরে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি ওই প্যানেল থেকে যেকোনো একজনকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেন।"
তবে ওই সময় সরকার সিনেট সভা অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়নি বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিনেট সচিব আবু বকর সিদ্দিক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ পাওয়া অধ্যাপক সালেহউদ্দিন আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন এবং প্রগতিশীল শিক্ষক সমাজের সঙ্গে যুক্ত ছিলেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএ/এএডি/এমসি/ডিডি/এএল/এইচএ/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24