রাজশাহী, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের গণিত ক্যালকুলাস বিষয়ের চূড়ান্ত পরীক্ষার ৩১৩টি উত্তরপত্র নিয়ে লাপাত্তা হয়ে গেছে এক রিকশাচালক।
রোববার বিকেলে রাজশাহী সরকারি সিটি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে উত্তরপত্র নিয়ে রিকশায় করে লক্ষ্মীপুরের জেনারেল পোস্ট অফিসে (জিপিও) যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
প্রশ্নপত্র আশা অনুযায়ী না হওয়ায় ওই কেন্দ্রের কিছু পরীক্ষার্থী রিকশাচালকের মাধ্যমে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে কেন্দ্র কর্তৃপক্ষের ধারণা। এ ব্যাপারে থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
খোয়া যাওয়া উত্তরপত্র উদ্ধারে নগরবাসীর সহযোগিতা চেয়ে মাইকিং করা হয়েছে।
সিটি কলেজ অধ্যক্ষ শাজাহান করিম সাংবাদিকদের বলেন, "রোববার স্নাতক দ্বিতীয় বর্ষের নন মেজর গণিত ক্যালকুলাস দ্বিতীয়পত্রের পরীক্ষা শেষে বিকেলে ৩১৩টি উত্তরপত্রের তিনটি প্যাকেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর উদ্দেশ্যে রিকশায় তুলে দেওয়া হয়। কলেজের অফিস সহকারী আকরাম সাইকেলে করে রিকশার পিছনে পিছনে যাচ্ছিলেন। লক্ষ্মীপুর মোড়ে গিয়ে ভিড়ের মধ্যে রিকশাটি হারিয়ে ফেলে আকরাম।"
রাত ৮টা পর্যন্ত উত্তরপত্রসহ রিকশাচালককে পাওয়া যায়নি বলে তিনি জানান।
উত্তরপত্র খোয়া যাওয়ার ঘটনায় নগরীর রাজপাড়া এবং বোয়ালিয়া মডেল থানায় পৃথক দুটি জিডি করেছেন কলেজ অধ্যক্ষ।
ঘটনাটি অনাকাঙ্খিত উল্লেখ করে তিনি বলেন, "কেন এই ঘটনা ঘটেছে তা উদঘাটন এবং খোয়া যাওয়া উত্তরপত্র উদ্ধারের চেষ্টা চলছে।"
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জিডি দায়েরের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ উত্তরপত্রগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24