বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মোশতাক আহমেদ
ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এসএসসির মতো দাখিল স্তরেও (নবম-দশম শ্রেণী) বাংলা ও ইংরেজির প্রতিটিতে দু'শ' নম্বরের কোর্স বাধ্যতামূলক করা হচ্ছে। বর্তমানে এই দু'বিষয়ের প্রতিটিতে এক শ' নম্বরের কোর্স চালু রয়েছে।
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আমরা মাদ্রাসা শিক্ষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে দাখিল স্তরে বাংলা ও ইংরেজির প্রতিটিতে দু'শ' নম্বরের কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছি। এখন শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের উপায় নির্ধারণ করা হবে।"
তিনি আরও জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় 'মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্পের (এসইএসডিপি) অধীনে এ ব্যাপারে কারিকুলাম সংশোধনেরও কাজ চলছে।
মাধ্যমিক শিক্ষাখাত উন্নয়ন প্রকল্পের পরিচালক রতন কুমার রায় বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," মাদ্রাসার কারিকুলাম সংশোধন সংক্রান্ত টাস্কফোর্স একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এনিয়ে বিশিষ্টজনদেরও মতামত নেওয়া হবে। প্রয়োজনে কর্মশালারও আয়োজন করা হবে। এরপর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। "
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান জানান, টাস্কফোর্সের প্রতিবেদনেও দাখিল স্তরে বাংলা ও ইংরেজির প্রতিটিতে দু'শ' নম্বরের কোর্স চালুর কথা বলা হয়েছে।
বর্তমানে দাখিল ও আলীম স্তরে বাংলায় এক শ' এবং ইংরেজিতে এক শ' নম্বরের কোর্স চালু আছে। ফলে উচ্চতর শ্রেণীতে ভর্তির সময় এসব শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হয়। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় এই বিষয়টি নিয়ে সমস্যা দেখা দিলে তা আদালত পর্যন্ত গড়ায়। বেশ কিছুদিন ভর্তি কার্যক্রম বন্ধ থাকার পর আদালতের নির্দেশে আবার তা চালু হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, বর্তমানে ইংরেজি বিষয়টি অপরিহার্য হলেও মাদ্রাসা শিক্ষায় এর ওপর গুরুত্ব কম দেওয়া হয়ে থাকে। এতে এক ধরণের বৈষম্যেরও সৃষ্টি হচ্ছে। এসব কারণ বিবেচনা করে সরকার নতুন এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বুধবার জাতীয় সংসদে 'প্রশ্ন-উত্তর' পর্বে জানান, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর এবং যুগোপযোগি করে তোলার জন্য দাখিল স্তরের কারিকুলাম সংশোধনের কাজ হাতে নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকতারা জানান, দাখিলে দু' শ' নম্বরের কোর্স চালু করার পর আস্তে আস্তে আলীমেও তা চালু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/১৬৪৬ঘ.
bdnews24