খুলনা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেফার্ড পরীক্ষার নতুন নিয়ম বাতিল করার জন্য কারিগরি শিক্ষা বোর্ডকে আগামী ১৫ ফেব্র"য়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
অন্যথায় তারা বোর্ডের ১৬ ফেব্র"য়ারি থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নেবে না বলে জানিয়েছে।
মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই সময়সীমা বেঁধে দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের (সিভিল) ছাত্র শেখ রাহাত।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার থেকে বিভিন্ন পর্বের পূর্ব নির্ধারিত চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে। আগামী ১৫ ফেব্র"য়ারি পর্যন্ত তারা পরীক্ষায় অংশ নেবে। এই সময়ের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড যদি পরীক্ষা সংক্রান্ত নতুন নিয়ম বাতিল না করে তাহলে তারা ১৬ ফেব্র"য়ারি থেকে পরীক্ষায় অংশ নেবে না।
রোববারের ঘটনার কথা উল্লেখ করে অভিযোগ করা হয়, ওইদিন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশে পুলিশ একাডেমিক বিল্ডিংয়ের ভেতর ঢুকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় পুলিশ হোস্টেলের প্রধান গেইট বন্ধ করে দিলে ছাত্র-ছাত্রীরা ভেতরে অবরুদ্ধ পড়ে।
এ অবস্থায় ক্যাম্পাসের বাইরের ছাত্ররা হোস্টেলে অবরুদ্ধ ছাত্র-ছাত্রীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে এবং ২০/৩০টি টিয়ার সেল নিক্ষেপ করে। পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন ছাত্র আহত হয়।
সংবাদ সম্মেলনে মো. মামুন, মো. শামীম, মেহেদী হাসান, রফিকুল ইসলাম, রোহান হাবিব, আল আমিন হাসান প্রমুখ ছাত্র উপস্থিত ছিল।
এদিকে গত রোববার ইনস্টিটিউটের ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারায় নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই পুলিশকে প্রত্যাহার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. রবিউল ইসলাম জানান, গত রোববার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারায় খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান এবং উপ-উরিদর্শক শফিকুল ইসলামকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.
bdnews24