ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরীক্ষায় রেফার্ড পদ্ধতি বাতিলের দাবিতে পটুয়াখালী, দিনাজপুর, রাজশাহী, রংপুর ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর এবং বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে। বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত তিনশ' জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এর মধ্যে পটুয়াখালীতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিক্ষক ও ১০ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। শিক্ষার্থীরা তিনটি বাস, পুলিশের দু'টি পিকআপ এবং ২০টি দোকান ভাঙচুর করেছে।
দিনাজপুরে ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভাঙচুর করলেও কোনো সংঘর্ষ হয়নি।
রাজশাহীতে ছাত্র-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। ছাত্ররা পুলিশের একটি পিকআপ ভ্যান এবং সিএনজি চালিত হিউম্যান হলারসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। দুপুরে ৪৫ মিনিটের মতো রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্ররা। পুলিশ ছয় ছাত্রকে আটক করেছ।
রংপুরে ছাত্ররা ক্যাম্পাস, ছাত্রবাস ও গাড়িসহ শহরের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় সংঘর্ষে ছয় পুলিশসহ প্রায় শতাধিক ছাত্র আহত হয়। তারা কোতয়ালি থানা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করে।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে র্যাব ও পুলিশের সংঘর্ষে পুলিশসহ প্রায় ৯০জন আহত হয়েছে। ছাত্ররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করে। পুলিশ ১৫ ছাত্রকে আটক করেছে। এ ঘটনায় ইনস্টিটিউটের ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের সন্ধ্যায় ৬টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয় হয়েছে।
বগুড়ায়ও একই দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভাঙচুর, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় ছয় ছাত্রকে আটক করা হয়েছে।
এর আগে রোববার খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়। সোমবারও সেখানে বিক্ষোভ হয়েছে।
একইদিন সিলেট ও চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। সিলেটে বিক্ষোভকালে গাড়ি ভাঙচুরের ঘটনায় পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় অন্তত ৫০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির পাঠানো সংবাদ:
পটুয়াখালী: আহতদের মধ্যে আছেন- শিক্ষক বাবু সাহা, শিক্ষার্থী পারভেজ, শফিকুল, সোহেল, সবুজ, মারুফ এবং পথচারী আবুল বাশার। এদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থী- জাহিদ, নিহার, ইমন, মোয়াজ্জেম ও পথচারী হারুন অর রশিদসহ আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান হাবীব জানান, ছাত্রদের হামালায় আহত পুলিশ সদস্যরা হলেন- সার্জেন্ট বিকাশ, হাবিলদার মনিরুল ইসলাম, নায়েক নুরুজ্জামান, কনস্টেবল আশীষ, খায়রুল, জাহিদ, কবির, জাকির, হুমায়ুন কবির, কনস্টেবল কাইয়ুম, মাহাবুব, হানিফ ও মালেক।
ওসি জানান, কারিগরি শিক্ষা বোর্ডের জারি করা প্রবিধান বাতিলের দাবিতে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা এলাকায় পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
তিনি বলেন, "সংঘর্ষর সময় ছাত্ররা তিনটি যাত্রীবাহী বাস, পুলিশের দু'টি পিকআপ ভ্যান এবং ২০টি দোকান ভাঙচুর করে। ছাত্ররা পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। দুপুর ১২ টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ আহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
দিনাজপুর: কারিগরি শিক্ষাবোর্ডের জারি করা প্রবিধান-২০০৫ এর বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে দেখে ছাত্ররা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। সকাল ৯টায় তারা এ প্রবিধান বাতিলসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে। দুপুর ১২ টার দিকে ক্যাম্পাস থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। ধাওয়ার মুখে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে অধ্যক্ষের বাসভবন ও প্রশাসনিক ভবনে হামলা ইটপাটকেল ছোড়ে।
দুপুর আড়াইটার দিকে অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দেয়। অধ্যক্ষ দাবির বিষয়টি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আশ্বাস দিলে ছাত্ররা শান্ত হয়।
ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের (মেকানিক্যাল) ছাত্র লিপন চন্দ্র দাস এবং দ্বিতীয় বর্ষের (আর্কিটেকচার) তুরিন সাংবাদিকদের অভিযোগ করেন, অধ্যক্ষের অসহযোগিতামূলক মনোভাবের কারণে ছাত্ররা বিক্ষুদ্ধ হয়। দাবি-দাওয়া নিয়ে কথা বলতে চাইলে তিনি কার্যালয় থেকে চলে যান।
অধ্যক্ষ সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক মাস আগে পরীক্ষায় ভুলে ভরা ফলাফলের কারণে ছাত্ররা বিক্ষুব্ধ হয়। এর সঙ্গে ইনস্টিটিউটের কোনো সম্পর্ক নেই। কারিগরি শিক্ষা বোর্ড এর জন্য দায়ী।"
রাজশাহী: সকাল সাড়ে নয়টায় রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ এবং ইন্সটিটিউটে ভাঙচুর শুরু করে।
পুলিশ ছাত্রদের হোস্টেলে গিয়ে তাদের মারধর করে। তখন ছাত্র-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সাড়ে ১১টার দিকে ছাত্ররা প্রায় ৪৫ মিনিট রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করে রাখে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বিনা উস্কানীতে ছাত্ররা পুলিশের উপর হামলা এবং ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ বাধা দেয়। ছাত্ররা ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ এবং ২২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
সংঘর্ষে ইনস্টিটিউটের শিক্ষার্থী গোলাম কিবরিয়া, মতিউর রহমান, জুয়েল, রকি, সামিউল ইসলাম, বিপুল, হিমেল, সুমন, নুর ইসলাম, মেহেদী হাসান, আরিফুল ইসলাম, মতিউর রহমান, আলিফ, আল আমিন এবং বাংলাদেশ কলেজ ইন্সটিটিউটের ছাত্র রুবেল, নয় পুলিশ সদস্য ও এক রিকশাাচালকসহ অর্ধশত আহত হয়। পুলিশ লাইন হাসপাতাল থেকে আহত পুলিশ সদস্যদের নাম জানানো হয়নি।
ইনস্টিটিউটের অধ্যক্ষ জয়নাল আবেদিন বলেন, "নতুন নীতিমালা নিয়ে জটিলতা এবং উদ্ভুত পরিস্থিতি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বহিরাগতদের উস্কানীতে এ ভাংচুর হয়েছে।"
কর্তৃপক্ষ আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
রংপুর: সকাল সাড়ে ৯ টায় ইনস্টিটিউটের একদল ছাত্র ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় তাদের আহ্বানে ক্যম্পাসে অবস্থিত ছাত্রবাসের ছাত্ররা মিছিলে যোগ না দিলে তারা দু'টি ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুর চালায়।
এ সময় সাধারণ ছাত্র ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ এবং টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এরপর আন্দোলনকারীরা শহরের পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড় ও বেতপট্টিতে অবস্থান নেয় এবং কোতয়ালি থানা ঘেরাও করে। আবার পুলিশের ধাওয়া খেয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ এবং কমপক্ষে ১০ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় এক দারোগা ও পাঁচ কনস্টেবলসহ শতাধিক ছাত্র আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এদের মধ্যে আছেন- উপ-পরিদর্শক আব্দুল হাই , কনস্টেবল শাহাজাহান, নুর আলম এবং শিক্ষার্থী রবিউল, হাসান, সোহেল, আব্দুল করিম, তৌফিক ও রানা।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, "আন্দোলনের নামে শহরে নৈরাজ্যের সৃষ্টি করার চেষ্টা করা হলে পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জ, টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
ইনস্টিটিউটে বিপুল পুলিশ মেতায়েন করা হয়েছে।
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আ ন ম সালেহ উদ্দিন বলেন, "একাডেমিক কাউন্সিলের সভায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বহিরাগতদের সহায়তায় কলেজের কিছু উচ্ছৃংখল ছাত্র আন্দোলনের নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে মিছিল করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ কারণে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে।"
কুমিল্লা: সকাল সাড়ে ৮টা থেকে ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধের উদ্দেশ্যে যাত্রা করলে র্যাব ও পুলিশ বাধা দেয়। এতে ছাত্ররা বিকল্প পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতাবাড়িয়া, নন্দনপুর হাড়াতলী ও জাঙ্গালিয়া এলাকায় গিয়ে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বৈদ্যুতিক খুটি ফেলে মহাসড়ক অবরোধ করে। প্রায় ৩ ঘণ্টা রাস্তা অবরুদ্ধ থাকে এ সময়।
এ সময় ছাত্রদের সঙ্গে র্যাব ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় কোটবাড়ী পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মহাসড়ক পর্যন্ত ১০টি গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।
পুলিশ সংঘর্ষকালে ১৫জন ছাত্রকে আটক করে। আহত ছাত্রদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম জানা যায়নি।
কুমিল্লার পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, র্যাবের অধিনায়ক মেজর মকসুদুল বারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইু শতাধিক র্যাব ও পুলিশ সদস্য নিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, দুপুর দেড়টায় মহাসড়ক থেকে ফিরে ছাত্ররা কোটবাড়ী পুলিশ ফাঁড়ি এবং পলিটেকনিক ইনস্টিটিউট ও অধ্যক্ষের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। ইনস্টিটিউটের দু'টি পুরাতন গা'ড়িতে আগুন দেয়।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়া: পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভাঙচুর, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আশরাফুর ইসলাম, শরিফুল ইসলাম, সাইমন ও মাহবুবসহ ছয় ছাত্রকে আটক করেছে পুলিশ।
সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। সকাল ১১টার দিকে ছাত্ররা ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করে। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। বেলা সাড়ে ১২টার দিকে গেটের সামনে ছাত্ররা পাঁচটি গাড়ি ভাঙচুর করে।
এ সময় পুলিশ লাঠি চার্জ করলে তারা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করতে ৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
প্রায় এক ঘণ্টাব্যাপী ছাত্র-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন নীতিমালা বোর্ডের বিষয়। এখানে আমাদের কোনো হাত নেই। তবে বোর্ডকে ঘটনাটি জানানো হয়েছে।"
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, "আটক ছাত্রদের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এখনও তারা থানায় আটক রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/কিউএইচ/ডিডি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24