ময়মনসিংহ, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সেমিস্টার ফি ও হোস্টেল চার্জ কমানোর দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার ক্যাম্পাসে লাঠি মিছিল ও ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয়ে ঢুকতে পারেননি। সারাদিন তারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন।
উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ড. এম শামসুর রহমান শনিবার রাতে সিন্ডিকেটের জরুরি সভা ডেকেছেন।
উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেমিস্টার ও পরীক্ষার ফি চার হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকা এবং হোস্টেল চার্জ ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার দাবিতে শিক্ষার্থীরা গত বুধবার থেকে আন্দোলন করে আসছে।
শনিবার তারা লাঠি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণকালে ইটপাটকেল নিক্ষেপ করে প্রশাসনিক ভবনে ভাঙচুর এবং প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালাও ঝুলিয়ে দেয়।
এর ফলে উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয়ে ঢুকতে পারেননি।
উপাচার্য ড. এম শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দু'দিন আগে স্থানীয় সাংসদ রেজা আলী এবং তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করে ব্যর্থ হন। শনিবার তিনি আবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেন। কিন্তু ছাত্র-ছাত্রীরা কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি হচ্ছে না। এমনকি তারা কর্তৃপক্ষের কোনো আহবানে সাড়াও দিচ্ছে না।
উপাচার্য বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাত ৮টায় সিন্ডিকেটের জরুরি সভা আহবান করা হয়েছে।"
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু-আল খায়ের মাতাব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ত্রিশাল থানা পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়ে শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যায়।
তিনি বলেন, "আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করে। তারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24