২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপর্ণাচরণ ও কৃষ্ণকুমারী স্কুলের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের অপর্ণাচরণ ও কৃষ্ণকুমারী স্কুল ভবন ভেঙে সিটি কর্পোরেশনের বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ পরিকল্পনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 09:40 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামের অপর্ণাচরণ ও কৃষ্ণকুমারী স্কুল ভবন ভেঙে সিটি কর্পোরেশনের বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ পরিকল্পনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি বিজড়িত এ শিক্ষায়তন ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য চট্টগ্রামের মেয়রের পরিকল্পনা বাণিজ্যনগরীতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন মন্ত্রী। স্কুল ভবন ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণ বন্ধের সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানকে বাজারে পরিণত করা আমি সমর্থন করিনা। কোন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক তাও চাইনা আমরা। আমরা চাই, শিক্ষা প্রতিষ্ঠান আরো উন্নত ও ভালো হোক। সেজন্য যা যা করার তাই করা হবে। প্রধানমন্ত্রীরও একই মত।" অন্য এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "স্কুল ভবন ভাঙার বিষয়ে প্রধানমন্ত্রী নিজেও উদ্বিগ্ন।" তিনি এসময় আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সংশ্লিষ্ট অধ্যাদেশটি শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে। সোমবার একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, স্কুল ভবন দু'টি ভাঙার সিদ্ধান্তে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। সোমবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর শাখা আয়োজিত এক সংহতি সমাবেশে নগরীর বিশিষ্ট ব্যক্তিরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেন। সমাবেশ থেকে স্কুল দু'টি ভেঙে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ বন্ধের বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সুষ্পষ্ট বক্তব্য না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এসকে/১৫৩৭ঘ.