ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সোমবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মহাখালী মেট্রো-হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসাধীন ছাত্ররা হলেন ইসমাইল ও কাজী নিয়ন এবং মহাখালী মেট্রো হাসপাতালে চিকিৎসাধীন ছাত্ররা হলেন মামুন, শিফাত ও প্রিতম। আহতরা সবাই ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
তিতুমীর কলেজের এক ছাত্র জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরেই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল।
এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ছাত্রদল ও সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছে।
সরস্বতী পূজায় সৃষ্ট সংঘাতের জের ধরে সোমবার এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার যখন একটি গ্র"প (ছাত্রদলকে প্রশ্রয় দেয়ার জন্য অভিযুক্ত) কলেজে ঢুকছিল তখন অপর গ্র"পের কর্মীরা রামদা, হকিস্টিক, রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। প্রথমে তারা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে ঘুরে দাঁড়ায়। এ নিয়ে কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে ছাত্রদল ও ছাত্রলীগ উভয় দলের কর্মীরা আহত হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হাসান জানান, ছাত্রদের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে ৩/৪ জন ছাত্র আহত হন। তাদের মধ্যে একজনকে মহাখালী মেট্রো হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
তিনি বলেন, ক্যাম্পাসে সব সময় পুলিশ মোতায়েন থাকে। সোমবার কলেজে পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষ হওয়ার পর পরই ছাত্ররা কোন্দলে জড়িয়ে পড়ে। এ কারনে ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশ সদস্যরা প্রাথমিক অবস্থায় কোন্দল নিয়ন্ত্রন করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২২৫৫ ঘ.
bdnews24