ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের ঘটনায় সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর অভিযোগে ঢাবির সাত ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছে আদালত।
এর মধ্যদিয়ে এ ঘটনায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা সব মামলা প্রত্যাহার হলো।
বুধবার বিকেলে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।
ছাত্র বিক্ষোভের ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলাটি ছাড়া অন্যগুলো তত্ত্বাবধায়ক সরকার আমলেই প্রত্যাহার করা হয়।
মামলাটি প্রত্যাহারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছিল। তবে গত ১৩ ডিসেম্বর আদালত চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ অবস্থায় ছাত্ররা সংবাদ সম্মেলন করে মামলাটি প্রত্যাহারের আবেদন জানায়।
২০০৮ সালের সেপ্টেম্বরে মামলার বাদি উপপরিদর্শক মো. জামাল উদ্দিনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির বিচার কাজ শুরু হয়।
একই বছরের ৭ জানুয়ারি ২৫ ছাত্রকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তবে পরে ছাত্রদের অন্যান্য মামলার সঙ্গে ছাত্র নেতা মানবেন্দ্র দেবসহ ১৮ আসামিকে অব্যাহতি দেওয়া হয়।
বাকি ৭ আসামির মধ্যে ছিলেন- দীন ইসলাম এঞ্জেল, কাজী জাহিদুল ইসলাম বিপ্লব, রফিকুল ইসলাম সুজন, আসাদুজ্জামান আসাদ, রাসেদুল হাবিব, দীন ইসলাম ও আবুল হাসান।
এতোদিন তাদের বিরুদ্ধে বিচার অব্যাহত ছিল।
২০০৭ সালের ২০-২২ আগস্ট পর্যন্ত তিন দিনের ছাত্র বিক্ষোভের সময় ২১ আগস্ট শাহবাগে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ছাত্র বিক্ষোভের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এবং আট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। একটি মামলায় আদালত সাজা দিলেও রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান তারা। পরে আপিলে নির্দোষ প্রমাণিত হন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/১৯৪৩ ঘ.
bdnews24