২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সেসনজট দূর করার আহবান অর্থমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেসনজট দূর করার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেসনজট দূর করার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, "শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যত নিশ্চিত করতেই ইংরেজী বিভাগসহ বিশ্ববিদ্যালয় থেকে সেসনজট সমস্যাটির অবসান ঘটাতে হবে।" শুক্রবার বিকালে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২৪ তম বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। মুহিত বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক দায়িত্ব নিতে হবে। এটা বিজয়ের মাস। সবাই যেন সুখ ও সমৃদ্ধির সঙ্গে থাকে। শহীদদের রক্তের মধ্য দিয়েই আমরা সেই স্বাধীনতা পেয়েছি। আমাদের সেটি রক্ষা করতে হবে।" তিনি আগামী বছর ২৫ তম পুনর্মিলনীতে একটি বিশেষ স্মরণিকা প্রকাশেরও পরামর্শ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক বলেন, "১/১১-এর পরে গণতন্ত্রকে নির্বাসনে নিয়ে যাওয়া হয়েছিল। সে সময় শিক্ষকদের চোখ বেঁধে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো। সেই দুর্বিষহ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা আন্দোলন শুরু করেছিল। এখানকার ছাত্র-শিক্ষকরা দেশের যেকোন সমস্যায় প্রথম কাতাে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছেন। এখনো আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে, যাতে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন এগিয়ে নিয়ে যেতে পারি।" অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেবেকা হক, কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, ইংরেজী বিভাগ এলামনাই সোসাইটির সভাপতি অধ্যাপক আহসানুল হক। গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। তারা ২৫ তম পুনর্মিলনী জাকজমকের সঙ্গে পালনের ঘোষণা দেন। অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য পরিচালনা পর্যদ ঘোষণা করা হয়। অর্থমন্ত্রীকে এলামনাই সোসাইটির সভাপতির দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হলে তিনি বিনয়ের সঙ্গে অসম্মতি জানান। পুনর্মিলনীতে অংশগ্রহণকারীদের জন্য টিএসসির সবুজ লনের পাশেই ছিল শীতের পিঠার আয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০৪৭ ঘ.