২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগ পুনর্তদন্তে কমিটি

হাইকোর্টের নির্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পুনর্তদন্তে সোমবার সাত সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের নির্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পুনর্তদন্তে সোমবার সাত সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমাকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম বদিয়ার রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফিরোজা হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক সেলিনা পারভীন, বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোবারক আহমেদ খান এবং সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) রহিমা কানিজ। ২০০৮ সালের ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। পরদিন থেকেই বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে। পরে অন্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তারা 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে প্রায় সাড়ে ছয় মাস আন্দোলন করে। শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে। গত বছরের ১৩ সেপ্টেম্বর তাদের প্রতিবেদন সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। সিন্ডিকেট ছানোয়ারকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি দেয়। শিক্ষার্থীরা সিন্ডিকেটের সিদ্ধান্তকে প্রত্যাখান করে ওই শিক্ষককে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করে। পরে ছানোয়ার হোসেন গত বছরের ২১ অক্টোবর বিভাগে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাকে লাঞ্ছিত করে। ওই দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। ২০০৮ সালের ২৭ নভেম্বর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, কর্মজীবি নারী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও কামাল লোহানী জনস্বার্থে ঘটনার পুনর্তদন্ত, শিক্ষার্থীদের বহিষ্কার ও ছানোয়ারের অব্যাহতি দেওয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। গত ১৭ মে হাইকোর্ট যৌন নিপীড়নের অভিযোগ থেকে ছানোয়ারকে অব্যাহতি ও ছয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশকে অবৈধ ঘোষণা করে। সেই সঙ্গে ছানোয়ারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পুনর্তদন্তের নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮২৯ ঘ.