২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে পালিত হলো প্রথম 'বিশ্ববিদ্যালয় দিবস'

প্রতিষ্ঠার ৪২ বছর পর আনন্দমুখর পরিবেশে বৃহস্পতিবার প্রথমবারের মতো পালিত হলো 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 05:43 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠার ৪২ বছর পর আনন্দমুখর পরিবেশে বৃহস্পতিবার প্রথমবারের মতো পালিত হলো 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস'। বুধবার রাত থেকেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসতে থাকে ক্যাম্পাস। আলো ঝলমল রাতে ফুলের পাপড়ি ছিটিয়ে আর ঢোল-বাদ্য বাজিয়ে নবীনরা সাবেক শিক্ষার্থীদের অভ্যর্থনা জানায়। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদের সামনের চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৩ টি বেলুন ও ৪৩ কেজি ওজনের কেক কাটা হয়। পরে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের আলাদা প্রদর্শনী, আলোচনা সভা, স্মৃতিচারণ, আড্ডা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত গীতিনাট্য ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মুখরিত ছিল দিনটি। নতুন-পুরনো শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানমালা পরিণত হয়েছিল আনন্দমুখর মিলনমেলায়। উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মোহাম্মদ আফসারুল আমীন, জাতীয় সংসদের হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন চবি'র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। বক্তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে ডা. আফসারুল আমীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। অনষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী উপাধ্যক্ষ আবদুস শহীদ 'শ্লোগানের রাজনীতি' বাদ দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "পড়ালেখা বাদ দিয়ে শ্লোগান মিছিল-মিটিং করে কখনো কিছু পাওয়া যায় না।" এখন থেকে প্রতি বছর এ অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন চবি উপাচার্য আবু ইউসুফ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "ছাত্রদের হাতে খাতা-বই কলম ছাড়া লাঠিসোঁটা বা অন্যকিছু বরদাস্ত করা হবে না। এখানে শুধু শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, কোন রাজনৈতিক সংগঠনকে প্রাধান্য বিস্তার করতে দেওয়া হবে না।" বিকালে বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়া শিল্পী সুবীর নন্দী ও কনক চাঁপা পরিবেশন করেন গান। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নভেম্বর মাসে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে তখন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন সম্ভব হয়নি। উচ্ছ্বাস আর আবেগের মিলন মেলা দীর্ঘদিন পর চেনা ক্যাম্পাসে এসে অনেক সাবেক শিক্ষার্থী যেন ফিরে গিয়েছিলেন তাদের সেই হারানো দিনে। সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাসুদ পারভেজ বলেন, "এ অনুষ্ঠানে এসে পুরনো শিক্ষার্থীদের কাছে পেয়ে মনে হচ্ছে সেই পুরনো দিনেই যেন ফিরে গেছি।" একই অনুভূতি জানালেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক ছাত্রী রাজশ্রী নন্দীও। পুরনোদের কাছে পেয়ে নতুনরাও হয়ে পড়ে উচ্ছ্বসিত। নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিলুফার সুলতানা বলেন, "এ অনুষ্ঠানের কারণে পুরনো বড় ভাই-আপুদের সঙ্গে দেখা এবং পরিচিত হওয়ার সুযোগ মিলেছে। এটি অনেক আনন্দের।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২৩৩৪ঘ.