২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শিক্ষার্থীদের অবরোধ, ভাংচুর

পরীক্ষা নেওয়ার দাবিতে গোপালগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

গোপালগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরীক্ষা নেওয়ার দাবিতে গোপালগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের লাঠিপেটা এবং ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। বিক্ষুদ্ধ ছাত্ররা পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণীকক্ষ ভাংচুর করে। গোপালগঞ্জ সদরের চন্দ্রদীঘলিয়া এলাকায় অবস্থিত পলিটেকনিক ইউনিস্টটিউটের শিক্ষার্থীরা জানান, রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে পলিটেকনিকের শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা গ্রহণ বন্ধ করে অনির্দিষ্টকালের আন্দোলন কর্মসূচি পালন শুরু করে। বৃহস্পতিবার মিডটার্ম পরীক্ষার নির্ধারিত তারিখ ছিলো। পরীক্ষা না নিয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা ইনষ্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে বিক্ষুব্ধ ছাত্ররা সকাল ১০টার দিকে চন্দ্রদীঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, ছাত্রদের অবরোধের কারণে মহাসড়কের দুপাশে যাত্রী ও পণ্যবাহী অসংখ্য যানবাহন আটকা পড়ে। দক্ষিণবঙ্গগামী শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কয়েকবার ব্যর্থ হয়। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটে ভেতরে ঢুকে বিক্ষোভ করে এবং বেশ কয়েকটি কক্ষের আসবাব ও জানলার কাচ ভাংচুর করে। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশের লাঠিপেটা ও সংঘর্ষে অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে আছেন- অমিত সরকার, সাগর, রতনবালা। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের ছাত্র মো. সাজিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দোলনরত শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন না। ক্লাস ও পরীক্ষা নেওয়ার এবং ছাত্রী হোস্টেল ও কলেজের নিজস্ব বাস চালুর দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছেন। গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহানন্দ মজুমদার বলেন, "দাবি না মানা পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাবে।" সদর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও তিনি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। তারা ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানিয়ে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বসে বিষয়টি মীমাংশা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আর যাতে সড়ক অবরোধসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ পদক্ষেপ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.