জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক 'সংহতি সভা' অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে 'জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি' ও মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের সংগঠন 'সেক্টর কমান্ডারস ফোরাম' যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শফিউল্লাহ (বীর উত্তম) দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান।
তিনি মত দেন, যুদ্ধাপরাধের বিচারে বর্তমান তরুণ প্রজন্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত (বীর উত্তম) বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, "কোনো শক্তিই এ বিচার প্রক্রিয়া নস্যাৎ করতে পারবে না।"
ফোরাম সাধারণ সম্পাদক সাবেক সেনা প্রধান হারুন অর রশীদ (বীর প্রতীক) বলেন, "মুক্তিযুদ্ধের সময় আল বদর, আল শামস প্রতিষ্ঠা করে জামায়াতের নেতারা এদেশে সাধারণ মানুষের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের বিচার করতেই হবে।"
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী (বীর উত্তম), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটির সভাপতি অধ্যাপক খালেদ হোসাইন।
এছাড়া ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।
সভা শেষে ফাখরুল আরেফিন পরিচালিত প্রামাণ্যচিত্র 'আল বদর' প্রদর্শিত হয়।
এর আগে ফোরামের নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২২২৭ঘ.
bdnews24