ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীরা পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের সব কটিতেই বিএনপি-জামায়াতপন্থীদের কাছে পরাজিত হন আওয়ামী লীগ ও বামপন্থী প্যানেলের শিক্ষকরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক মো. গোলাম সাকলাইন নির্বাচনের ফল ঘোষণা করেন।
সভাপতি পদে বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের ড. মিজানুর রহমান ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বামপন্থী প্যানেলের ড. মো. মাহবুবুর রহমান পেয়েছেন ৭১ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ড. শহীদ মো. রেজওয়ান। তিনি ভোট পেয়েছেন ১৩১। তার প্রতিদ্বন্দ্বী মো. মাহবুবুল আরফিন পেয়েছেন ৬৩ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. আবু সিনা, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাসির উদ্দিন মিজি, কোষাধ্যক্ষ ড. অলী উল্যাহ, সদস্য অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী, অধ্যাপক ড. শহীদুল ইসলাম নূরী, অধ্যাপক ড. এয়াকুব আলী, মো. আব্দুস শাহীদ মিয়া, মোহাম্মদ সেলিম, ড. মো. আকতার হোসেন, ড. এ কে এম মফিজুল ইসলাম, এ কে এম রাশেদুজ্জামান, আব্দুল গফুর গাজী ও মো. শাহীনুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.
bdnews24