২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের আন্দোলনের মুখে সোমবার বিকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ রাতের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের আন্দোলনের মুখে সোমবার বিকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ রাতের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। একাডেমিক কাউন্সিলের সুপারিশে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার থেকে ছাত্রলীগ ও 'সাধারণ ছাত্রছাত্রী পরিষদ' অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার কথা ভেবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খুলে দেওয়া হবে। আন্দোলনকারীদের দাবির কোনো যৌক্তিক ভিত্তি নেই দাবি করে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করাই এ আন্দোলনের উদ্দেশ্য। এদিকে, ছাত্রলীগের ধর্মঘটের মুখে বিকালে সিন্ডিকেটের জরুরি বৈঠক শুরু হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বাইরে বিক্ষোভ দেখাতে থাকে। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করলে ছাত্রলীগ উপাচার্যের বাসা ও সান্ধ্যকালীন কার্যালয় ঘেরাও করে। ক্যাম্পাস ছাত্রলীগের আহবায়ক কমল কান্তি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে আগামী ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএল/২২২৭ ঘ.