২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিফটের জন্য আরো দুই হাজার শিক্ষক

দেশের ৪১টি জেলার ৮০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী জানুয়ারিতেই দুটি শিফট চালু হচ্ছে। এ জন্য আরো দুই হাজার শিক্ষক নিয়োগে সরকার শিগগিরই উদ্যোগ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৪১টি জেলার ৮০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী জানুয়ারিতেই দুটি শিফট চালু হচ্ছে। এ জন্য আরো দুই হাজার শিক্ষক নিয়োগে সরকার শিগগিরই উদ্যোগ নেবে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সোমবার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। দুই শিফট চালুর বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের চাপ বৃদ্ধি এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২ জানুয়ারি থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নাহিদ বলেন। তিনি জানান, ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩১৭টি সরকারি বিদ্যালয়ে অভিন্ন ভর্তি ফরমের ব্যবস্থা করা হয়েছে। "একইভাবে যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে", বলেন তিনি। মাধ্যমিকের ৮০ শতাংশের বেশি বই এরই মধ্যে পাঠানো হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান। শতভাগ এবতেদায়ী মাদ্রাসায়ও বই পৌঁছে গেছে, বলেন তিনি। "কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়ের পুস্তক পাঠানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে।" তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদান কার্র্যক্রম শুরুর আগেই বই পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। মাদ্রাসা শিক্ষা আধুনিকায়নে সরকারি উদ্যোগের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, "সরকার এ জন্য ৩০টি মাদ্রাসাকে চিহ্নিত করেছে। এসব মাদ্রাসার উন্নয়নের মাধ্যমে 'মডেল মাদ্রাসা' হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ জন্য ওইসব প্রতিষ্ঠানে নতুন ভবন, উন্নত বিজ্ঞানাগার ও ২০টি কম্পিউটার সমৃদ্ধ ল্যাবরেটরি স্থাপন করা হবে।" এতে প্রতিটি মাদ্রাসার জন্য ব্যয় হবে প্রায় ৯০ লাখ টাকা। সরকার ইতিমধ্যেই এ টাকা বরাদ্দের প্রস্তুতি শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪৫ ঘ.