ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিষয়ে লিখিত পরীক্ষা-পরবর্তী ভর্তি কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এফ এম মেজবাউদ্দিন।
রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
মাদ্রাসা থেকে আলিম পাশ করা ভর্তিচ্ছু পাঁচ ছাত্রের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ নভেম্বর হাইকোর্ট ঢাবির ছয় বিষয়ে ভর্তি তিন মাসের জন্য স্থগিত করে।
ভর্তি নিয়ে সমস্যা সৃষ্টি হওয়া বিষয় ছয়টি হলো- বাংলা, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ও ভাষাতত্ত্ব।
আদালত এ ছয়টি বিষয়ে ভর্তির ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় দুইশ' নম্বর করে থাকার শর্ত আরোপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- এর কারণ জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসকে/১৭৪৮ঘ.
bdnews24