২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হচ্ছে । 'খ' ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এ ইউনিটে ২০৭৯টি আসনের বিপরীতে ২৪,৬৫৭ জন ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হচ্ছে । 'খ' ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এ ইউনিটে ২০৭৯টি আসনের বিপরীতে ২৪,৬৫৭ জন ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে। সকাল ১০ টায় ৪০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। এর মধ্যে ৩৩টি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। বাকি সাতটি বাইরে। সেগুলো হচ্ছে- শেখ বোরহান উদ্দিন কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আইডিয়াল কলেজ, নীলক্ষেত হাই স্কুল, টিচার্স ট্রেনিং কলেজ ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এরপর ১৩ নভেম্বর 'ক' ইউনিটের, ২০ নভেম্বর 'গ' ইউনিটের, ১১ ডিসেম্বর 'চ' ইউনিটের এবং ১৮ ডিসেম্বর 'ঘ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউট থেকে অনুষদে রূপান্তরিত চারুকলার জন্য এবারই প্রথম 'চ' ইউনিট গঠন করে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। গত ১ অক্টোবর থেকে এ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ ও জমা নেওয়া শুরু হয়। 'ক' 'খ' ও 'ঘ' ইউনিটের ফরম বিতরণ ও জমা নেওয়া শেষ হয় ২০ অক্টোবর। 'গ' ইউনিটের ফরম বিতরণের কাজ ২০ অক্টোবর শেষ হলেও জমা নেওয়া হয় ২১ অক্টোবর পর্যন্ত। চারুকলা অনুষদ অনলাইনে ফরম ছেড়ে ২৫ অক্টোবর পর্যন্ত তা জমা নেয়। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'ক' ইউনিটে ১,৪৯৪টি, 'খ' ইউনিটে ২,০৭৯টি, 'গ' ইউনিটে ৯৭৩টি, 'ঘ' ইউনিটে ৮৭৮টি এবং 'ঙ' ইউনিটে ১১৩ টি আসন রয়েছে। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) আছে ১৫০টি আসন। আলাদাভাবে এ ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা হয়। কলা অনুষদের ডিন ও 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। যথাসময়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস অনুষদের ডিন কার্যালয়ে নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/২১০৮ ঘ.