নোয়াখালী, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকরা বুধবার থেকে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছেন।
ভর্তি কমিটি পুনর্বিন্যাসের দাবিতে মঙ্গলবার শিক্ষক সমিতির সভায় এ কর্মসূচি ঘোষণা করা হলেও আগে থেকে না জানায় এদিন শিক্ষার্থীরা যথারীতি শ্রেণীকক্ষে এসে ফিরে যায়।
উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী নিজেও ক্লাস বর্জন কর্মসূচির বিষয়টি জানতেন না বলে দাবি করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৯-১০ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিভিন্ন উপ-কমিটিতে শিক্ষদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সেকশন অফিসার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব ইনস্ট্রাক্টরদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিতে শুধু শিক্ষকদেরই রাখা হয়।"
সফিকুর রহমান জানান, এ বিষয়ে সমিতির সঙ্গে উপাচার্যের আলোচনা হলেও কমিটি পুনর্বিন্যাস করা হবে না বলে তিনি জানিয়ে দেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার শিক্ষক সমিতির সভায় সর্বসম্মতিক্রমে ক্লাস বর্জন ও ভর্তি সংক্রান্ত সব কাজ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শিক্ষকদের ক্লাস বর্জনের কথা আগে থেকে জানতাম না। শিক্ষক সমিতি এ বিষয়ে আমাকে কিছুই জানায়নি।"
কমিটিতে যাদের রাখা হয়েছে তারাও বিশ্ববিদ্যালয়ের অংশ দাবি করে উপাচার্য আরও বলেন, "শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০১০০ ঘ.
bdnews24