ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জসীম উদদীন ও জিয়া হল ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় হলের ছয় নেতাকর্মী আহত হন। এদের পাঁচ জনই জসীম উদদীন হলের।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে কবি জসীম উদদীন ও জিয়াউর রহমান হলের ২০-৩০ জন শিক্ষার্থী দুই হলের মাঝে খেলার মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা দুটি হলে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে ছাত্রলীগ নেতা, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনায় আহতরা হচ্ছেন জসীম উদদীন হলের রাকিব হাসান শোভন (ম্যানেজমেন্ট ২য় বর্ষ), জাহিদুল ইসলাম মিন্টু (রাষ্ট্র বিজ্ঞান ২য় বর্ষ), সালাম (ইতিহাস, ১ম বর্ষ), মনির (বাংলা ৪র্থ বর্ষ), রাসেল (বাংলা, ৪র্থ বর্ষ) এবং জিয়া হলের মাসুদ (রাষ্ট্র বিজ্ঞান ২য় বর্ষ)।
জিয়া হলের শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদ হোসেন জানান, জসীম উদদীন হলের জাহিদুল ইসলাম মিন্টু তার বান্ধবীকে টিজ করলে এ নিয়ে দু'জনের কথা কাটাকাটি হয়। পরে মিন্টু তাদের মারধর করে।
তবে জসীম উদ্দীন হলের আবাসিক ছাত্র জাহিদুল ইসলাম মিন্টু দাবি করেন, ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে জিয়া হলের শিক্ষার্থীরা জসিম উদদীন হলের শিক্ষার্থীদের উপর হামলা করে।
জাহিদ ও মিন্টু দু'জনই ছাত্রলীগ কর্মী।
ছাত্রলীগের জসীম উদদীন হল শাখার সভাপতি আবদুর রহমান জীবন বলেন, "জিয়া হলের ছেলেরা হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাধা উপক্ষো করে জসীম উদদীন হলে হামলা করে। তাদের উগ্রতার জন্যই পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি।"
অবশ্য জিয়া হলের ছাত্রলীগ সভাপতি রিফাত হোসেন জিকু উল্টো অভিযোগ এনে দাবি করেন, জসীম উদদীন হলের মিন্টু প্রথম হামলা করে।
এ ব্যাপারে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি শেখ সোহেল রানা টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যক্তিগত ভুল বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত। এতে রাজনৈতিক ইন্ধন নেই। যেহেতু হলের বাইরে ঘটনার উৎপত্তি, তাই জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " এব্যাপারে সহকারী প্রক্টর আমজাদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ ঘটনা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেবেন। এরপর দায়ীদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২০২৩ ঘ.
bdnews24