২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু সোমবার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-'১০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সোমবার শুরু হচ্ছে। চলবে বুধবার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

খুলনা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-'১০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সোমবার শুরু হচ্ছে। চলবে বুধবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এসএম আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার পাঁচটি অনুষদের আওতায় ১৮টি বিভাগ ও চারুকলা ইনস্টিটিউটের মোট ৮২৪টি আসনের বিপরীতে ১৯ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদের ৭টি বিভাগের ৩০৪টি আসনে তিন হাজার ৩০৪ জন, জীব বিজ্ঞান অনুষদের ৭টি বিভাগের ২৯৪টি আসনে চার হাজার ৯১৯ জন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের একটি বিভাগের ৫৫টি আসনে তিন হাজার ০৬৩ জন, কলা ও মানবিক অনুষদের একটি বিভাগের ৪২টি আসনে তিন হাজার ৪৫৩ জন, সমাজ বিজ্ঞান অনুষদের দুটি বিভাগের ৮২টি আসনে ৪ হাজার ২৪৯ জন এবং চারুকলা ইনস্টিটিউটে ৪৭টি আসনে মোট ৩৮৪ জনকে ভর্তি পরীক্ষার জন্য ডাকা হয়েছে। রোল নম্বর ১ থেকে ২৮০০ পর্যন্ত রোল নম্বরধারীদের খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং তারপরের রোল নম্বরধারী শিক্ষার্থীদের কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী সোমবার সকাল ১০টায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদ এবং বিকেল ৩টায় চারুকলা ইনস্টিটিউট, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদ এবং দুপুর ২টায় জীববিজ্ঞান অনুষদ, বুধবার সকাল ১০টায় সমাজ বিজ্ঞান অনুষদ এবং দুপুর ১টায় কলা ও মানবিক অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোল নম্বরসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের িি.িশঁ.ধপ.নফ ওয়েবসাইটে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১২ ঘ.