২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি অগ্রণী ব্যাংকে ছাত্রলীগ কর্মীদের ভাঙচুর

ভর্তি পরীক্ষার আবেদনপত্রের টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েকজন কর্মী রোবববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংকে ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভর্তি পরীক্ষার আবেদনপত্রের টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েকজন কর্মী রোবববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংকে ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী অগ্রণী ব্যাংকে ভর্তি পরীক্ষার আবেদনপত্রের টাকা জমা দিতে যান। তারা লাইনে না দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার চেষ্টা করেন। ব্যাংক কর্মকর্তা এভাবে টাকা জমা নিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে জানালার গ্লাস ভাঙচুর করেন এবং ব্যাংকের ভেতর ঢুকে হৈ হুল্লোড় শুরু করেন। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন সহকারী প্রক্টরদের নিয়ে ঘটনাস্থলে যান। প্রক্টর ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার সময় ছাত্রলীগ কর্মী সেলিম, মুকুট, গাফফার, জিয়াসহ অন্তত ১৫/২০ জন আবারও ব্যাংকের ভেতর ঢুকে ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাদের শাসান এবং ব্যাংকের কাজকর্ম বন্ধ করে দেন। পরে প্রক্টরের হস্তক্ষেপে ব্যাংকের কাজ শুরু হয়। অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। টাকা দ্রুত জমা নেওয়ার সুবিধার্থে নতুন দুটি বুথ চালু করেছি।" প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, "ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বুথ বাড়িয়ে টাকা দ্রুত জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।" এ ব্যাপারে ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন "এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ছাত্রলীগের কেউ জড়িত কিনা আমার জানা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৪ ঘ.