২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ প্রথম ও দ্বিতীয় ব্যাচের ক্লাশ চালু হওয়া নিয়ে বুধবার ক্যাম্পাসে পাল্টাপাল্টি মহড়া দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। প্রায় ৪ মাস ধরে এ ক্লাশ বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 06:26 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, ২১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ প্রথম ও দ্বিতীয় ব্যাচের ক্লাশ চালু হওয়া নিয়ে বুধবার ক্যাম্পাসে পাল্টাপাল্টি মহড়া দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। প্রায় ৪ মাস ধরে এ ক্লাশ বন্ধ রয়েছে। একপক্ষ চেয়ারম্যানের পদত্যাগসহ ৫ দফা দাবিতে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে যায়। এ সময় অন্য পক্ষ এতে বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা বিভাগ, অনুষদ চত্বর ও মল চত্বরে পাল্টাপাল্টি মহড়া দিয়েছে। এ সময় একপক্ষ চেয়ারম্যানকে অপসারণ করে নতুন শিক্ষক নিয়োগ দিয়ে বিভাগকে ঢেলে সাজানোর দাবি করে। অন্যপক্ষ যে কোন মূল্যে অবিলম্বে ক্লাশ চালুর দাবি জানায়। বিবিএ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ক্লাশ না হওয়ায় এটা প্রমাণিত হয়েছে যে, বর্তমান চেয়ারম্যানের অধীনে বিভাগ ভালভাবে চলবে না। তাই আমরা তার পদত্যাগ চেয়েছি।" অন্যদিকে বিভাগের বিবিএ প্রথম ব্যাচের শিক্ষার্থী নুর হোসেন জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নানা জটিলতায় দীর্ঘদিন বিভাগের ক্লাশ বন্ধ থাকার পর এখন একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এরা বিভাগের সমস্যার সমাধান চায় না। চেয়ারম্যানের অপসারণ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।" বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেউ কেউ আমার পদত্যাগ চেয়েছে। আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করছে। তাদের মূল দাবি ক্লাশ চালু নয়। তারা রাজনৈতিক কারণে আমাকে সরিয়ে দিতে চায়।" বিভাগের জন্য আমি যা করেছি তাতে কোন শিক্ষার্থী স্বপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে যেতে পারে না। বিভাগ থেকে চলে যাওয়া দুই শিক্ষকের মদদে এটা ঘটতে পারে।" তবে শিক্ষার্থীদের মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিভাগের সাবেক শিক্ষক (বর্তমানে মার্কেটিং বিভাগে কর্মরত) আবু নাসের আহমেদ ইসতিয়াক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ ঘটনার সঙ্গে আমাদের কোন সংযোগ নেই। " এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাপারটি নিয়ে আলাপ আলোচনা চলছে। আগামী শনিবার থেকে ক্লাশ শুরুর কথা রয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব আমরা এ বিভাগের সমস্যা সমাধান করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.