২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সান্ধ্য আইন' বাতিল দাবিতে চবিতে ছাত্রীদের ধর্মঘট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'সান্ধ্য আইন' বাতিলের দাবিতে একটি ছাত্রীনিবাসের ছাত্রীরা বুধবার সন্ধ্যা থেকে অবস্থান ধর্মঘট শুরু করেছে। সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারী দু'শ'রও বেশি ছাত্রী খালেদা জিয়া হলের ফটকের বাইরে অবস্থান নেয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'সান্ধ্য আইন' বাতিলের দাবিতে একটি ছাত্রীনিবাসের ছাত্রীরা বুধবার সন্ধ্যা থেকে অবস্থান ধর্মঘট শুরু করেছে। সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারী দু'শ'রও বেশি ছাত্রী খালেদা জিয়া হলের ফটকের বাইরে অবস্থান নেয়। পরে রাত ১০ টার দিকে প্রভোস্ট ও প্রক্টর কয়েকজন ছাত্রী প্রতিনিধিকে নিয়ে আলোচনায় বসলেও রাত ১১টা নাগাদ কোনো সমঝোতা হয়নি। প্রীতিলতা এবং শামসুন্নাহার হলের ছাত্রীরাও ধর্মঘটে যোগ দিতে চাইলেও কর্তৃপক্ষ এ দুটি হলের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। তবে হলের ভেতর ছাত্রীরা একজোট হয়ে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে স্লোগান দিতে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ধ্যা হওয়ার ১৫ মিনিটের মধ্যে আবাসিক ছাত্রীদের হলে প্রবেশের যে বাধ্যবাধকতা রয়েছে তা 'সান্ধ্য আইন' নামে ক্যাম্পাসে পরিচিত। এ নিয়ম প্রত্যাহারের জন্য ছাত্রীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। আন্দোলনরত ছাত্রী মুক্তা ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পড়াশোনাসহ বিভিন্ন প্রয়োজনে ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে শহরে ছাত্রীদের প্রতিনিয়তই যাতায়াত করতে হয়। আর বিকেল বেলা রওনা দিলে শহরে পৌঁছাতেই সন্ধ্যা হয়ে যায়। তখন কাজ সেরে ক্যাম্পাসে ফিরে বেঁধে দেওয়া সময়ে হলে ঢোকা সম্ভব হয় না। তখন আমরা খুব অসহায় হয়ে পড়ি।" বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বলেন, "যেসব কারণে আবাসিক হলের ছাত্রীরা 'সান্ধ্য আইন' প্রত্যাহারের দাবি তুলছে তা যৌক্তিক। তবে এ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এএনএস/এইচএ/২৩০৩ঘ.