ঢাকা, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি প্রগতিশীল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে তিন দিনের মধ্যে ক্যাম্পাস ছাড়ার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি দেওয়া হয়েছে।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্যাম্পাস ত্যাগ না করলে তাদের হত্যা করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে।
সাদা কাগজে হাতে লেখা ওই চিঠির ওপর লেখা রয়েছে, 'খোদার জমিনে খোদার আইন প্রতিষ্ঠা করবই।' শনিবার সকাল ১১ টার দিকে কুরিয়ার সার্ভিসে মধুর কেন্টিনে হাতে লেখা চিঠিটি পৌঁছায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শাহবাগ থানার ওসির সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
হুমকি পাওয়া চার নেতা হলেন ছাত্র ইউনিয়নের খান আসাদুজ্জামান মাসুম, জাসদ সর্মথিত ছাত্রলীগের হোসাইন আহমেদ তফসির, বাংলাদেশ ছাত্রমৈত্রীর রফিকুল ইসলাম সুজন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ফখরুদ্দিন কবির আতিক।
খান আসাদুজ্জামান মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করে নিরাপত্তার বিষয়ে কথা বলেছি। এছাড়া শাহবাগ থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে।"
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে নিরাপত্তা টহল জোরদার করা হবে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হবে। প্রয়োজনে তাৎক্ষণিক যে কোন ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এএনএস/এসএইচ/২১০০ ঘ.
bdnews24