ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতিতে একমুখী শিক্ষার পরিবর্তে কিছু কমন বিষয় পড়ানোর কথা বলা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রগতিশীল শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যাপক আবিদুর রেজা খান।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে 'জাতীয় শিক্ষানীতি ২০০৯ : মুক্তিযুদ্ধের চেতনা, ছাত্র-জনতার আকাক্সঙ্খা ও করণীয়' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক আবিদুর রেজা আরো বলেন, "ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চিন্তা নিয়েই মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু প্রস্তাবিত শিক্ষানীতিতে ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন একই ধারার শিক্ষানীতিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে।"
প্রস্তাবিত শিক্ষানীতিতে অনেক ভালো ভালো কথা থাকলেও সুপারিশে তার বিপরীত চিত্র ফুটে উঠেছে বলে অভিযোগ করেন অধ্যাপক আনোয়ার হোসেন।
তার মতে, সরকারের উচিত একটি গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন করা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ফখরুদ্দিন কবির আতিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু'র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য বজলুর রশীদ ফিরোজ, শিক্ষা আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিন উদ্দিন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24