২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে আরও গাছ কাটার প্রক্রিয়া চলছে

পাখির অভয়ারণ্য হিসেবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার বেশ কিছু গাছ কেটে ফেলার প্রক্রিয়া চলছে। এর জন্য সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও গাছ কাটা সংক্রান্ত কমিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে গাছ চিহ্নিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাখির অভয়ারণ্য হিসেবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার বেশ কিছু গাছ কেটে ফেলার প্রক্রিয়া চলছে। এর জন্য সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও গাছ কাটা সংক্রান্ত কমিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে গাছ চিহ্নিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, যেসব গাছ পোকায় খেয়ে ফেলেছে এবং জলাশয়ের পাড়ে যেসব গাছ হেলে পড়েছে কেবল সেগুলোই কাটার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এ বিষয়ে গাছ কাটা সংক্রান্ত কমিটিই সিদ্ধান্ত নেবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শরীফ এনামুল কবীর, কোষাধ্যক্ষ ও অভ্যন্তরীণ সম্পদ কমিটির সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিন, সদস্য সচিব আবু হাসান, গাছ কাটা সংক্রান্ত কমিটির সভাপতি অধ্যাপক আবুল খায়ের, সদস্য অধ্যাপক অসিত বরণ পালসহ কয়েকজন ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে কাটার জন্য গাছ চিহ্নিত করেন। গত বছরের সেপ্টেম্বর মাসে ক্যাম্পাসের বিভিন্ন প্রজাতির চার শতাধিক বড় বড় গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তখন গাছগুলোতে লাল ক্রস চিহ্ন দেওয়া হয়। তবে সে সময় শিক্ষক-শিক্ষার্থীদের বাধার মুখে গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। এ বছরের সেপ্টেম্বর মাসে ঈদ ও পূজার ছুটির মধ্যে কোন দরপত্র আহ্বান ছাড়াই ত্রিশ বছরেরও বেশি বয়সী ক্রস চিহ্ন দেওয়া সেই গাছগুলোর মধ্য থেকে ছয়টি গাছ সাভারের এক যুবলীগ নেতার কাছে বিক্রি করা হয়। পরে ওই নেতা গাছগুলো কেটে নিয়ে যান। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সেগুন, মেহগনি, শিল কড়ই, আকাশমনি, মহুয়া, কাঁঠাল, কদম, কৃষ্ণচূড়া, আম, জাম, বহেরা ও বটসহ বিভিন্ন প্রজাতির গাছে লাল ক্রস চিহ্ন দেওয়া আছে। এ গাছগুলোসহ অন্যান্য কিছু গাছ ঘুরে ঘুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা দেখেছেন। গাছ কাটার প্রক্রিয়ার বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. শরীফ এনামুল কবীরের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে বলেন, "তুমি আমার বিরুদ্ধে এতো নিউজ করো কেন? ক্যাম্পাসের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে তোমার খেয়াল নেই। গাছ কেটে যে টাকা পাবো সে টাকা দিয়ে আবার নতুন গাছ লাগাবো এতে তোমার সমস্যা কি?।" কেন গাছগুলো কাটা হবে জানতে চাইলে তিনি ধমক দিয়ে বলেন, "তুমি কি মানুষ বেলা তিনটার সময় ফোন করে এসব প্রশ্ন জানতে চাচ্ছো?" পরে ফোন করো বলে লাইন কেটে দেন তিনি। বিকেলে কয়েকবার ফোন করলেও আর রিসিভ করেননি উপাচার্য। ফের গাছ কাটার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অভ্যন্তরীণ সম্পদ কমিটির সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিন বলেন, "গাছ কাটা সংক্রান্ত কমিটির অনুরোধে নষ্ট গাছগুলো দেখতে গিয়েছিলাম। কোন গাছ কাটা হবে না হবে সে সিদ্ধান্ত কমিটি নেবে। তবে গাছগুলো নষ্ট হয়ে গেলে তো বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হবে। এজন্য কমিটিকে গাছ কাটার জন্য বলেছি।" গাছ কাটা কমিটির সভাপতি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়ের বলেন, "জলাশয়ের পাড়ে অনেক গাছ হেলে গেছে। এ গাছগুলো না কাটলে পাড়ের ক্ষতি হবে। আবার অনেক গাছ পোকায় খেয়ে ফেলছে এসব গাছ রেখে লাভ নেই। এগুলো চিহ্নিত করতে দেখতে গিয়েছিলাম।" পরিপক্ক হয়ে যাওয়া গাছ কাটার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, "গাছ পরিপক্ক হয়ে যাওযার পর এর কাণ্ড পোকা খেয়ে বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাতে গাছেন আর্থিক মূল্যও থাকবে না।" গাছ কাটার ব্যাপারে আগামী কিছুদিনের মধ্যে কমিটির সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে অধ্যাপক খায়ের জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল আলম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এভাবে গাছ কাটা অনুচিত। পরিপক্ক গাছ না কাটলে পোকায় খেয়ে ফেলবে এই যুক্তি দেখিয়ে ভাল গাছ কেটে ফেলা ঠিক নয়।" তিনি দাবি করেন, ক্যাম্পাসে এমন গাছ নেই যেগুলো পোকায় খেয়ে বা অন্য কোনোভাবে একেবারে নেড়া হয়ে গেছে। ভালো গাছ না কাটার প্রতি খেয়াল রাখতে অধ্যাপক শামসুল আলম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রশাসন ঈদ ও পূজার ছুটির মধ্যে ছয়টি গাছ কেটে প্রশাসন হীন মানসিকতার পরিচয় দিয়েছে। এভাবে বারবার গাছ কাটা হলে ক্যাম্পাস মরুভুমিতে পরিণত হবে। অবিলম্বে গাছ কাটার প্রক্রিয়া বাতিলের আহ্বান জানান তারা। তা না হলে আন্দোলন করা ছাড়া আরো বিকল্প থাকবে না বলে তারা মন্তব্য করেন। ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ন্যাক্কারজনক এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আগেও প্রতিবাদ করেছি এবারও প্রতিবাদ করবো। এর আগে আন্দোলনের মুখে গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করে কর্তৃপক্ষ। যদি গাছ কাটার সিদ্ধান্ত বাতিল না করা হয় তবে আবারো আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.