ঢাকা, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের মধ্যে গ্রেডিং পদ্ধতি পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।
এতে লিখিত বক্তব্যে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী প্রকাশ কুমার মালো বলেন, "তিন দিনের মধ্যে দাবি না মানলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।"
তবে ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক আব্বাস আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের আল্টিমেটাম অনুযায়ী তিন দিনের মধ্যে গ্রেডিং পুনর্বিন্যাস সম্ভব নয়।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবসায় শিক্ষা অনুষদে নতুন গ্রেডিং পদ্ধতি চালু করে। এ পদ্ধতিতে ফলাফল প্রকাশের ফলে পরবর্তী ব্যাচগুলো ওই ব্যাচের তুলনায় এক স্তর এগিয়ে থাকছে। অর্থাৎ সমান নম্বর পেয়েও তারা তাদের মত সিজিপিএ ও গ্রেড অর্জন করতে পারছে না।
এতে শিক্ষার্থী প্রকাশ বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ব্যাচের শিক্ষার্থীরা নতুন পদ্ধতিতে ফলাফল পাচ্ছে। ফলে চাকরির বাজারে অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারছি না। তিন দিনের মধ্যে এ বৈষম্য অবসানের কার্যকর উদ্যোগ নিতে হবে।"
ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক আব্বাস আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, "সংশ্লিষ্ট বিভাগগুলোর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আমরা এ ব্যাপারে করণীয় ঠিক করবো। এর ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করে উপাচার্যের কাছে পাঠিয়ে দিবো। সুপারিশমালা সিন্ডিকেটে অনুমোদন হলেই কেবল এ বিষয়ে কোন সিদ্ধান্তে আসা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/২২২৫ ঘ.
bdnews24