চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় ব্যানারে ক্যাম্পাসে সকল ধরনের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণ দেখিয়ে শনিবার উদীচীর কার্টুন ও তথ্য প্রদর্শনী অনুষ্ঠান ভণ্ডুল করে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যুদ্ধাপরাধীর বিচার, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ ও সমুদ্রে গ্যাস ব্লক ইজারা বাতিলের দাবিতে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ঝুপড়িতে উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ এ প্রদর্শনীর আয়োজন করেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদর্শনী শুরু হওয়ার আধঘণ্টা পর সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার ও বিশ্ববিদ্যালয় ছাত্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী প্রদর্শনীস্থলে এসে ব্যানার খুলে নিয়ে যান এবং আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন।
কিছুক্ষণ পর আরেক সহকারী প্রক্টর মো. আলী হায়দারের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে প্রদর্শনীর সব জিনিসপত্র খুলে ফেলেন।
উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আয়াজ মাবুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যৌক্তিক কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিয়েছে। আমরা কোনও রাজনৈতিক সংগঠন না হওয়া সত্ত্বেও প্রশাসনের বাধার শিকার হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক।"
তিনি এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ক্যাম্পাসে সকল প্রকার কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে সকল ধরনের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে।"
অপর সহকারী প্রক্টর মো. আলী হায়দায় বলেন, "অনুষ্ঠানের আয়োজকরা বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে এ প্রদর্শনীর অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছিল। কিন্তু তাদের প্রদর্শনী করার অনুমতি দেওয়া হয়নি।
"প্রক্টরিয়াল বডির শিক্ষকরা তাদের ব্যানার নিয়ে আসার পরও তারা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিল। তাই পরে গিয়ে তাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এজে/এসএইচ/১৯৩১ ঘ.
bdnews24