২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টায় বুয়েট ছাত্রসহ গ্রেপ্তার ৯

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে ও ভূয়া প্রশ্নপত্র বিক্রির সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে ও ভূয়া প্রশ্নপত্র বিক্রির সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বুয়েটের ছাত্রসহ সাতজনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। প্রায় একই সময়ে চট্টগ্রামে অভিযান চালিয়ে অপর দুজনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকায় গ্রেপ্তার অন্যরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজ ও বাংলা কলেজসহ বিভিন্ন কলেজের ছাত্র। অভিযুক্তরা অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে ফোন করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির প্রস্তাব দেয় বলে পুলিশ জানিয়েছে। এ দিন একযোগে সারা দেশের ১৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, অভিভাবকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও জিয়া হলের ৪১০ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকায় গ্রেপ্তাররা হলো- মেহবুব মিনার, সায়েম, মোস্তাফিজ, সোহরাব বিন ওবায়েদ, মাহাফুজুর রহমান, সোহেল রানা ও আলমগীর হোসেন। এদের মধ্যে সোহেল রানা বুয়েটের ছাত্র। পুলিশ কর্মকর্তা জানান, এরা বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে বিভিন্ন অভিভাবক ও পরীক্ষার্থীদের ফোন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রির প্রস্তাব দেয়। শুক্রবার সকালে ময়মনসিংহের একজন অভিভাবক দু' লাখ টাকার বিনিময়ে প্রশ্ন কিনতে এলে বিষয়টি পুলিশের গোচরে আসে। পরে ওই সূত্র ধরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শুক্রবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীতে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিক্রিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকাল সাড়ে ৮টার দিকে বহদ্দার হাট পুলিশ ফাঁড়ির বিপরীতে মোহাম্মদীয়া হোটেল ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হাসেম আলী (৩০) ও আমান উল্লা (৩৮)। তাদের কাছ থেকে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার বেশ কয়েকটি ভূয়া প্রশ্নপত্রের ফটোকপিও জব্দ করা হয়। জব্দকৃত প্রশ্নপত্রের সঙ্গে শুক্রবার সকালে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের কোনও মিল পাওয়া যায়নি বলে জানিয়েছেন মহানগর গোয়ন্দা পুলিশের সহকারী কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সকাল ৮টার দিকে বহদ্দার হাট মোহাম্মদীয়া হোটেলে মেডিকেলের প্রশ্নপত্র বলে ভূয়া ফটোকপি করা প্রশ্ন বিক্রিকালে হাতেনাতে হাশেম আলীকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক এই ভূয়া প্রশ্নপত্র প্রণয়নকারী আমান উল্লাহকে বাকলিয়া ডিসি রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।" গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমসি/এজে/এসএইচ/২০৫৮ ঘ.