চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযোগের বিষয়ে কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক ফয়েজ আহমদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে ফয়েজ আহমদ জানিয়েছেন, কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার জন্য সময় চাইলে প্রশাসন তা আমলে নেয়নি। বরখাস্তের খবরও তাকে জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
"আমি কোনো অন্যায় করিনি। সিদ্ধন্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব", বলেন তিনি।
চবির ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংগৃহীত তথ্য-প্রমাণে ফয়েজ আহমেদের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা ও গ্রেপ্তার হওয়ার প্রমাণ মিলেছে।"
তিনি জানান, এ অভিযোগে কেন চাকরিচ্যুত করা হবে না মর্মে গত ১ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তার জবাব দেন নি। ফলে প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাকে কেন চাকরিচ্যুত করা হবে না- সে সিদ্ধান্ত নিতে নথিপত্র সিন্ডিকেটে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারণ দর্শানো নোটিশের কোনো জবাব না দেওয়ায় প্রশাসনিক নিয়ম অনুযায়ী ফয়েজ আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
গত ২০ আগস্ট মধ্যরাতে নগরীর চট্টেশ্বরী রোডের একটি ভবনের এক ফ্ল্যাট থেকে গোয়েন্দা পুলিশ অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ওই শিক্ষককে চার তরুণীসহ গ্রেপ্তার করে।
পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানার পর ২৩-২৮ আগস্ট এ বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করে। ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দপ্তর থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
ফয়েজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি প্রশাসনের কাছে এক মাস সময় চেয়েছিলাম। কিন্তু প্রশাসন তাতে সাড়া দেয়নি। এরপর কি হয়েছে জানি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এজে/এসএইচ/০০৬ ঘ.
bdnews24