ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে নীতিমালা প্রণয়ন করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান।
লক্ষীপুর-২ আসনের সাংসদ মোঃ আবুল খায়ের ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এরআগে, আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "বাজেট হয়ে গেলো। কিন্তু, আমরা তো এলাকায় যেতে পারছি না। এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয়নি।
জবাবে নাহিদ বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের দু'বছর এবং বিএনপি-জামায়াত জোট সরকারের তিন বছর কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। প্রায় ছয় হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।"
তিনি জানান, ৬০০ কোটি টাকা হলে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা যায়। আমাদের দেওয়া হয়েছে ১২০ কোটি টাকা।
আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "এর আগে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। যেগুলো এমপিওভুক্তির যোগ্য নয়, এগুলোকে দলীয়স্বার্থে এমপিওভুক্ত করা হয়েছিল। এগুলোর তালিকা হচ্ছে। এদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।"
এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, মাধ্যমিক স্তর পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক। সরকারের এই সিদ্ধান্ত বর্তমানে সব বিদ্যালয়ে কার্যকর আছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান আইন ভঙ্গ করে ছাত্রীদের কাছ থেকে বেতন আদায় করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তার মন্ত্রণালয় পুরোপুরি ই-মেইল বা ইন্টারনেট সার্ভিসযুক্ত। তাই শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নকল্পে শিক্ষা মন্ত্রনালয়ে তথ্য প্রেরণে কোনো বাধা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/এমএইচসি/এই্চএ/১৯৪৭ ঘ.
bdnews24